মীর কাসেমের বিরুদ্ধে প্রতিবেদন বা অভিযোগ দাখিল ৩ মার্চ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন বা আনুষ্ঠানিক অভিযোগ ৩ মার্চের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এ গতকাল মঙ্গলবার মীর কাসেমের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হূষিকেশ সাহা অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন। ট্রাইব্যুনাল দ্রুত তদন্ত শেষ করতে বলে আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।মীর কাসেম আলীকে গত বছরের ১৭ জুন পুলিশ গ্রেপ্তার করে। পরদিন ট্রাইব্যুনাল জামিনের আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠান। গতকাল তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হলেও এজলাসে নেওয়া হয়নি।সাকা চৌধুরীর তিনটি আবেদন খারিজ: একই ট্রাইব্যুনাল গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে করা তিনটি আবেদন খারিজ করেন। একটি আবেদন শুনানি শেষে আজ বুধবার আদেশের জন্য দিন ধার্য করা হয়।মধ্যাহ্ন বিরতির পর সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরু হলে ট্রাইব্যুনাল বলেন, আসামির পক্ষে চারটি আবেদন করা হয়েছে। প্রথমটি যুগান্তর-এর সম্পাদক সালমা ইসলাম ও প্রতিবেদক স্বপন দাশগুপ্তের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম নেওয়ার আবেদন। ১৮ জানুয়ারি যুগান্তর-এ প্রকাশিত ‘নয়টি মামলা মে মাসের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা’ শীর্ষক ওই প্রতিবেদনের উল্লেখ করে ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা মনে করি, এটা প্রতিবেদকের নিছক প্রত্যাশা।’ তাই এ আবেদন খারিজ করা হলো।ট্রাইব্যুনাল বলেন, দুটি আবেদন করা হয়েছে আদেশ পুনর্বিবেচনার (রিভিউ) জন্য। কিন্তু কার্যপ্রণালি বিধিমালা অনুসারে আদেশের সাত দিনের মধ্যে তা পুনর্বিবেচনার আবেদন করতে হয়। সময়সীমা মেনে আবেদন না করায় এগুলো খারিজ করা হলো।চতুর্থ আবেদনটি হলো: রাষ্ট্রপতির সমন মেনে নবম জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে যোগদানের অনুমতি চেয়ে করা আবেদন। সাকা চৌধুরীর প্রধান আইনজীবী আহসানুল হক ও আইনজীবী ফখরুল ইসলাম আবেদনটির শুনানি করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম এর বিরোধিতা করেন।