মীর কাসেমের বিরুদ্ধে মামলা শেষ পর্যায়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা শেষ পর্যায়ে পৌঁছেছে। ২৭ এপ্রিল (রোববার) থেকে এই মামলায় যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ গতকাল বুধবার মীর কাসেমের পক্ষে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। গতকাল তাঁর পক্ষে আরও দুজন সাক্ষ্য দেন। এর মাধ্যমে আসামিপক্ষে ট্রাইব্যুনালের নির্ধারণ করে দেওয়া তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ায় যুক্তি উপস্থাপনের দিন ধার্য করা হয়।
গতকাল মীর কাসেমের পক্ষে সাক্ষ্য দেন আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী মোহাম্মাদ আলী ও তৃতীয় সাক্ষী আবু তাহের খান। নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে মোহাম্মাদ আলী (৬০) জবানবন্দিতে বলেন, তিনি বর্তমানে চট্টগ্রাম শহরের স্টেশন রোডে থাকেন। একাত্তরে চট্টগ্রামের হাজারি লেনের ডালিম হোটেলে একটি নির্যাতনকেন্দ্র ছিল। মতিউর রহমান নামের স্থানীয় এক ব্যক্তি কয়েকজন রাজাকার ও স্থানীয় বিহারিদের নিয়ে ওই হোটেল দখল করেন। স্থানীয় লোকজন তাঁকে ‘মইত্যা গুন্ডা’ নামে চিনত। তিনি সিনেমার টিকিট কালোবাজারি করতেন। সেখানে সাধারণ মানুষকে ধরে নিয়ে নির্যাতন এবং অসামাজিক কার্যক্রম চালানো হতো। ডালিম হোটেলের মালিক ছিলেন চন্দ্র মোহন নাথ, তিনি ওই মতিউর রহমানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের পর মামলা করেছিলেন বলে শুনেছেন। তবে ডালিম হোটেলের সঙ্গে মীর কাসেমের সংশ্লিষ্টতার কথা তিনি (সাক্ষী) কখনো শোনেননি।
তৃতীয় সাক্ষী চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা আবু তাহের খানও নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে জবানবন্দিতে বলেন, একাত্তরে চট্টগ্রামের ডালিম হোটেল দখল করেন মতিউর রহমান নামে স্থানীয় এক গুন্ডা ও তাঁর সহযোগীরা। সেখানে সাধারণ মানুষদের ধরে নিয়ে নির্যাতন করা হতো। কিন্তু ডালিম হোটেলের সঙ্গে মীর কাসেমের জড়িত থাকার কথা তিনি কখনো শোনেননি। এ বিষয়টি তিনি মীর কাসেমের ছেলে আইনজীবী আরমানকেও বলেছেন।
জবানবন্দি শেষে এই দুই সাক্ষীকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও সুলতান মাহ্মুদ।
গত বছরের ৫ সেপ্টেম্বর মীর কাসেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে হত্যা, নির্যাতন, অপহরণসহ মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগ গঠন করা হয়। তাঁর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষে ২৪ জন সাক্ষ্য দেন। আসামিপক্ষে সাক্ষ্য দেন তাঁর বোনসহ তিনজন।
২০১২ সালের ১৭ জুন ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আইনশৃঙ্খলা বাহিনী মীর কাসেমকে গ্রেপ্তার করে। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।