জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সমাপনী যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল রোববার রাষ্ট্রপক্ষ আটটি অভিযোগের ঘটনার বিষয়ে যুক্তি উপস্থাপন করেছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মীর কাসেমের বিরুদ্ধে মামলায় যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও সুলতান মাহ্মুদ। মীর কাসেম এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।
মীর কাসেমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের ১৪টি অভিযোগের বিচার চলছে। এর মধ্যে প্রথম ও পঞ্চম অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষীকে হাজির করেনি। গতকাল এ দুটি অভিযোগ বাদ দিয়ে ১০ নম্বর অভিযোগ পর্যন্ত যুক্তি উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ।
যুক্তি উপস্থাপনকালে সুলতান মাহ্মুদ অভিযোগের ঘটনা ও এর পক্ষে সাক্ষীদের বক্তব্য ট্রাইব্যুনালের সামনে তুলে ধরেন। যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়।
২৩ এপ্রিল এই মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়।