মীর কাসেমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ বুধবার রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সৈয়দ মো. এমরান (৬১)। তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। এ সময় আসামির কাঠগড়ায় মীর কাসেম আলী হাজির ছিলেন।

জবানবন্দিতে সৈয়দ এমরান বলেন, তাঁর বাড়ি চট্টগ্রামের চান্দগাঁয়। মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে তিনি বিভিন্ন অভিযানে অংশ নেন। একাত্তরের ২৯ নভেম্বর রাতে চান্দগাঁ এলাকায় তাঁদের সঙ্গে আলবদরদের সম্মুখযুদ্ধ হয়। একসময় সবাই নিরাপদে ফিরে যান। ওই রাতে চারটার দিকে মীর কাসেমের নেতৃত্বে আলবদর, পাকিস্তানি সেনা ও রাজাকাররা তাঁর বাড়ি ঘেরাও করে তাঁর ভাইদের খুঁজতে থাকে। এরপর তাঁদের পাঁচ ভাইকে ধরে একটি স্থানে আটকে রাখা হয়। পরে আন্দরকিল্লার ডালিম হোটেলের নির্যাতন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ওই কেন্দ্রটি মীর কাসেমের নেতৃত্বে ছিল। হোটেলের অন্য একটি কক্ষে আরও তিন-চারজন বন্দীকে হত্যা করে লাশ কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী আরও বলেন, একাত্তরের ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত তাঁকে বন্দী অবস্থায় নির্যাতন করা হয়। ১৩ ডিসেম্বর মীর কাসেম আলী, ডাক্তার শামীম ও ডাক্তার হাং তাঁর কক্ষে আসেন ও তাঁদের সহযোদ্ধাদের ধরিয়ে দেওয়ার শর্তে তাঁকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। এভাবে কেটে যায় ১৪ ডিসেম্বর পর্যন্ত। ১৬ ডিসেম্বর সকালে জাহাঙ্গীর চৌধুরীসহ অনেক মুক্তিযোদ্ধা তাঁদের মুক্ত করেন।

জবানবন্দির শেষ পর্যায়ে সৈয়দ এমরান আসামির কাঠগড়ায় থাকা মীর কাসেমকে শনাক্ত করেন। পরে এ মামলার কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।