মীর কাসেমের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ গতকাল বুধবার শুরু হয়েছে। প্রথম দিনে জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী সৈয়দ মো. এমরান (৬১)।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সৈয়দ মো. এমরানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ।

জবানবন্দিতে সৈয়দ এমরান বলেন, তাঁর বাড়ি চট্টগ্রাম শহরের চান্দগাঁওয়ে। মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে তিনি বিভিন্ন অভিযানে অংশ নেন। একাত্তরের ২৯ নভেম্বর রাতে চান্দগাঁও এলাকায় তাঁদের সঙ্গে আলবদরদের সম্মুখযুদ্ধ হয়। একসময় তাঁরা (মুক্তিযোদ্ধারা) নিরাপদ স্থানে চলে যান। ওই রাতে চারটার দিকে মীর কাসেমের নেতৃত্বে আলবদর, পাকিস্তানি সেনা ও রাজাকাররা তাঁর বাড়ি ঘেরাও করে তাঁদের পাঁচ ভাইকে ধরে একটি স্থানে নিয়ে আটকে রাখে। পরে তাঁদের আন্দরকিল্লার ডালিম হোটেলের নির্যাতনকেন্দ্রে নেওয়া হয়।

সৈয়দ এমরান বলেন, ওই নির্যাতনকেন্দ্র পরিচালিত হতো মীর কাসেমের নেতৃত্বে। ওই হোটেলের অন্য একটি কক্ষে থাকা তিন-চারজন বন্দীকে হত্যা করে লাশ কর্ণফুলী নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, বন্দী অবস্থায় তাঁকে একাত্তরের ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নির্যাতন করা হয়। ১৩ ডিসেম্বর মীর কাসেম, ডা. শামীম ও ডা. হাং তাঁদের আটক রাখা কক্ষে আসেন এবং সহযোদ্ধাদের ধরিয়ে দেওয়ার শর্তে তাঁকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ১৬ ডিসেম্বর সকালে জাহাঙ্গীর চৌধুরীসহ অনেক মুক্তিযোদ্ধা তাঁদের মুক্ত করেন।

জবানবন্দির শেষ পর্যায়ে সৈয়দ এমরান আসামির কাঠগড়ায় থাকা মীর কাসেমকে শনাক্ত করেন। পরে এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।