জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আগামী ৯ মে দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এই দিন ধার্য করেন।গতকাল দিন ধার্য থাকায় মীর কাসেমকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ ট্রাইব্যুনালে সময়ের আরজি জানিয়ে বলেন, মীর কাসেমের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করতে দুই সপ্তাহ সময় লাগবে। এই সময়ের মধ্যে তাঁরা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন। পরে ট্রাইব্যুনাল অভিযোগ দাখিলের দিন ধার্য করেন।মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত বছরের ১৭ জুন এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মীর কাসেমকে গ্রেপ্তার করা হয়। পরদিন জামিনের আবেদন খারিজ করে ট্রাইব্যুনাল তাঁকে কারাগারে পাঠান। এরপর কয়েক দফায় তাঁর বিরুদ্ধে তদন্তের সময় বাড়ানো হয়। সর্বশেষ গত ৩ মার্চ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ অথবা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য গতকাল দিন ধার্য করেছিলেন।ইকোনমিস্ট-এর বিরুদ্ধে রুলের শুনানি ১৪ মে: একই ট্রাইব্যুনাল গতকাল যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর বিরুদ্ধে দেওয়া রুলের শুনানির জন্য ১৪ মে দিন পুনর্নির্ধারণ করেন। ইকোনমিস্ট-এর পক্ষে আইনজীবী মোস্তাফিজুর রহমান খান সময়ের আরজি জানালে ট্রাইব্যুনাল দিন পুনর্নির্ধারণ করেন।ট্রাইব্যুনাল গত বছরের ৬ ডিসেম্বর আদালত অবমাননার অভিযোগে ইকোনমিস্ট-এর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেন। ইকোনমিস্ট-এর দক্ষিণ এশীয় ব্যুরোপ্রধান অ্যাডাম রবার্টস ও পত্রিকাটির চীনা সংস্করণের প্রধান রব গিফোর্ডকে এই নোটিশ দেওয়া হয়।