মীর কাসেমের মৃত্যু পরোয়ানা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর কাসেম আলী
মীর কাসেম আলী

একাত্তরের গুপ্তঘাতক আলবদর বাহিনীর নেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমের ফাঁসি বহাল রেখে সর্বোচ্চ আদালতের পূর্ণাঙ্গ রায় গতকাল সোমবার প্রকাশিত হওয়ার পর এই মৃত্যু পরোয়ানা জারি করা হয়।
একাত্তরে কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে হত্যার দায়ে গত ৮ মার্চ মীর কাসেমের ফাঁসি বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এরপর গতকাল দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে ২৪৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। বিকেলে সুপ্রিম কোর্ট থেকে তা পাঠানো হয় ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দপ্তরে। সন্ধ্যায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকসহ তিন সদস্য মীর কাসেমের মৃত্যু পরোয়ানায় সই করেন। এরপর পূর্ণাঙ্গ রায়সহ মৃত্যু পরোয়ানা লালসালুতে মুড়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ নেসার আলম রাতে প্রথম আলোকে বলেন, রাত আটটার দিকে ট্রাইব্যুনাল থেকে মৃত্যু পরোয়ানা কারাগারে এসে পৌঁছায়। মীর কাসেম এখন গাজীপুরের কাশিমপুরে কারাগারে আছেন। মৃত্যু পরোয়ানা সেখানে পাঠানো হবে।
নিয়ম অনুসারে, মৃত্যু পরোয়ানা পাওয়ার পর কারা কর্তৃপক্ষ ফাঁসি কার্যকরের প্রক্রিয়া বা প্রস্তুতি শুরু করতে পারবে। তবে রায় জানার বা অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আপিল বিভাগে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার সুযোগ পাবেন মীর কাসেম। যদি এতেও তাঁর মৃত্যুদণ্ড বহাল থাকে, তাহলে শেষ সুযোগ হিসেবে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। তা না করলে বা ওই আবেদন নাকচ হলে ফাঁসি কার্যকর করতে পারবে সরকার।
গতকাল পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, রিভিউ আবেদনের রায়ের ওপরই নির্ভর করবে দণ্ড কার্যকর-প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম। আসামিপক্ষ রিভিউ আবেদন করলে তা নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত দণ্ড কার্যকর করা যাবে না।
মীর কাসেমের ছেলে আইনজীবী মীর আহম্মেদ বিন কাসেম সাংবাদিকদের বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পর তাঁরা রিভিউ আবেদন করার প্রস্তুতি নেবেন।
১৯৭১ সালে চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে হত্যার দায়ে আলবদর বাহিনীর নেতা মীর কাসেমের ফাঁসি বহাল রেখে ৮ মার্চ রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ। এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। রায়ে আরও ছয়টি অভিযোগে (২, ৩, ৭, ৯, ১০ ও ১৪) তাঁর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বহাল রাখেন আদালত। তিনটি অভিযোগ (৪, ৬, ১২) থেকে তাঁকে খালাস দেওয়া হয়। এর মধ্যে একাত্তরে রঞ্জিত সেন ও টুন্টু দাসকে হত্যার (১২ নম্বর অভিযোগ) দায়ে ফাঁসির আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
২০১২ সালের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমকে গ্রেপ্তার করা হয়। ২০১৩ সালের ৫ সেপ্টেম্বর তাঁর বিরুদ্ধে ১৪টি অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করেন ট্রাইব্যুনাল। ২০১৪ সালের ২ নভেম্বর ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, মীর কাসেমের বিরুদ্ধে ১০টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে দুটি অভিযোগে তাঁকে ফাঁসির আদেশ ও আটটি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
ট্রাইব্যুনালের দেওয়া রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম। গত ৯ ফেব্রুয়ারি ওই আপিলের শুনানি শুরু হয়, শেষ হয় ২৪ ফেব্রুয়ারি।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, দুই সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ফাঁসির দণ্ড কার্যকর করা হয়েছে।
‘২৫ মিলিয়ন ডলার দিতে সক্ষম মীর কাসেম’: মীর কাসেমের মামলায় যুক্তি উপস্থাপনের শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছিলেন, মীর কাসেম শুধু ইসলামী ছাত্র সংঘের নেতা ও চট্টগ্রাম আলবদরের প্রধান ছিলেন না, তিনি জামায়াতের অর্থের সবচেয়ে বড় জোগানদাতা। মানবতাবিরোধী অপরাধের বিচার বানচাল করতে সরকারের ওপর চাপ সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রের লবিস্ট ফার্ম ক্যাসিডি অ্যান্ড অ্যাসোসিয়েটসকে তিনি ২৫ মিলিয়ন মার্কিন ডলার দেন। ওই অর্থ পরিশোধের একটি রসিদ অ্যাটর্নি জেনারেল আদালতে উপস্থাপন করেন।
এ প্রসঙ্গে পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছেন, লবিস্ট ফার্ম নিয়োগের বিষয়টি ঠিক হতেও পারে, আবার না-ও পারে। তবে অ্যাটর্নি জেনারেল যে রসিদটি আদালতে দিয়েছেন, তা থেকে বোঝা যাচ্ছে মীর কাসেম একজন সম্পদশালী ব্যক্তি। মামলার নথি থেকেও এটা প্রমাণিত। তিনি ২০১২ সালের ১৯ জুন ট্রাইব্যুনালে জামিনের আবেদন করেছিলেন, তাতে তিনি নিজেকে একজন সফল ও সম্মানীয় ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেন। ওই নথি থেকে বোঝা যায়, তিনি একটি বৃহৎ ব্যবসায়িক করপোরেশনের মালিক এবং বিচার বানচাল করার জন্য লবিস্ট ফার্ম নিয়োগ করে ২৫ মিলিয়ন ডলার দিতে তিনি সক্ষম।
‘রাষ্ট্রপক্ষে সমন্বয় ছিল না’: ট্রাইব্যুনালে মীর কাসেমের বিরুদ্ধে মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের দুর্বলতা চিহ্নিত করে পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছেন, ভবিষ্যতে এ ধরনের মামলা আরও গুরুত্বের সঙ্গে নিতে হবে।
ট্রাইব্যুনালে মীর কাসেমের মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম ও সুলতান মাহমুদ। ট্রাইব্যুনালে তাঁদের সাক্ষ্যগ্রহণ-প্রক্রিয়া সম্পর্কে সর্বোচ্চ আদালত মন্তব্য করেছেন, ‘আমরা নিঃসংকোচে বলতে পারি, তাঁদের মধ্যে কোনো সমন্বয় ছিল না।’
রায়ে আপিল বিভাগ বলেছেন, অভিযোগ উপস্থাপনের শুরু থেকে মনে হয়েছে, মীর কাসেমকে অপরাধ সংঘটনে সহায়তাকারী হিসেবে প্রমাণের চেষ্টা করেছে রাষ্ট্রপক্ষ। কিন্তু সাক্ষীদের সাক্ষ্য উপস্থাপনের পর দেখা যায়, অপরাধে সরাসরি অংশগ্রহণের প্রমাণও আসামির বিরুদ্ধে রয়েছে। আপিল বিভাগের মতে, রাষ্ট্রপক্ষের দুজন কৌঁসুলি পৃথকভাবে খণ্ডে খণ্ডে এই মামলা পরিচালনা করায় এমন হয়েছে।
আপিল বিভাগের মন্তব্য প্রসঙ্গে জানতে চাইলে জেয়াদ-আল-মালুম প্রথম আলোকে বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলার জুরেসপ্রুডেন্স নিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আরও জানাশোনার প্রয়োজন আছে।’ অপর কৌঁসুলি সুলতান মাহমুদ বলেন, ‘সর্বোচ্চ আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন, ভবিষ্যতে তার ভিত্তিতে সর্বাত্মকভাবে মামলা পরিচালনার চেষ্টা করব। তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে যতটা সমন্বয় হওয়া উচিত ছিল, ততটা হয়নি। তারা হয়তো আমাদের সঠিকভাবে উপস্থাপন করতে পারেনি।’