মীর কাসেমের মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখে দেওয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় আজ সোমবার প্রকাশ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই মৃত্যু পরোয়ানা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবীর প্রথম আলোকে বলেন, ‘মীর কাসেম আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা মৃত্যু পরোয়ানা হাতে পেয়েছি। আজ সোমবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে পূর্ণাঙ্গ রায়ের কপিসহ পরোয়ানা হাতে পাই। মীর কাসেম আলী বর্তমানে কাশিমপুর কারাগারে আছেন। পূর্ণাঙ্গ রায়ের কপিসহ মৃত্যু পরোয়ানাও ওই কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। রাতেই তা কাশিমপুর কারাগারে পাঠানো হবে।’
আজ সোমবার দুপুরে আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায়ের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়। সন্ধ্যায় বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক মৃত্যু পরোয়ানায় সই করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার দুপুর ১২টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখা থেকে ২৪০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। নিয়ম অনুসারে মীর কাসেম আলী রায়ের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে আবেদন করতে হবে। সেখানে ফাঁসির রায় বহাল থাকলে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২ নভেম্বর মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন মীর কাসেম। আপিল শুনানি শেষে দেশের সর্বোচ্চ আদালত চলতি বছরের ৮ মার্চ ফাঁসির দণ্ড বহাল রাখেন।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াত নেতা মীর কাসেম ছিলেন কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের প্রধান। তিনি ১৯৭০ সালে চট্টগ্রাম সরকারি কলেজ শাখা ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি হন। একাত্তরের ২৫ মার্চ থেকে ৬ নভেম্বর পর্যন্ত তিনি চট্টগ্রাম শহর শাখা ছাত্রসংঘের সভাপতি ছিলেন। ৭ নভেম্বর তিনি পূর্ব পাকিস্তান ছাত্রসংঘের সাধারণ সম্পাদক হন। স্বাধীনতার পর ১৯৭৭ সালে ইসলামী ছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে আত্মপ্রকাশ করলে মীর কাসেম এর প্রতিষ্ঠাতা সভাপতি হন। ১৯৮০ সালে তিনি রাবেতা আল-আলম আল-ইসলামী নামের একটি বিদেশি বেসরকারি সংস্থার এদেশীয় পরিচালক হন। ১৯৮৫ সাল থেকে তিনি জামায়াতের শুরা সদস্য। তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান।
মীর কাসেমের নেতৃত্ব ও দিকনির্দেশনায় মুক্তিযুদ্ধকালে চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা এলাকার ডালিম হোটেলে স্থাপিত হয় আলবদর বাহিনীর ক্যাম্প ও নির্যাতনকেন্দ্র। একাত্তরে চট্টগ্রামে এই ডালিম হোটেলকে কেন্দ্র করেই আবর্তিত হতো সব ধরনের মানবতাবিরোধী অপরাধ, যার তত্ত্বাবধানে ছিলেন মীর কাসেম। এ কারণে ডালিম হোটেল মানুষের কাছে পরিচিতি পায় হত্যাপুরী হিসেবে। আর নৃশংসতার জন্য মীর কাসেমের পরিচয় হয় ‘বাঙালি খান’।