মীর কাসেমের রায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেম আলীর রায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণার পর গতকাল সন্ধ্যায় মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ l প্রথম আলো
মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেম আলীর রায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণার পর গতকাল সন্ধ্যায় মশাল মিছিল বের করে গণজাগরণ মঞ্চ l প্রথম আলো

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিলের রায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান করবে গণজাগরণ মঞ্চ।
গতকাল সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চ আয়োজিত সমাবেশে বলা হয় ২, ৪ ও ৬ মার্চ প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এবং আপিল বিভাগের রায় ঘোষণার দিন (৮ মার্চ) সকাল থেকে শাহবাগে অবস্থান করবে মঞ্চ।
সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বক্তব্য ও বিবৃতিতে মীর কাসেম আলীকে কোনোভাবে রক্ষার চেষ্টা হয় কি না, সেই আশঙ্কার সৃষ্টি হয়েছে।
সমাবেশের পর গণজাগরণ মঞ্চের কর্মী-সংগঠকেরা মশাল মিছিল করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।
২০১৪ সালের ২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মুক্তিযুদ্ধকালে কিশোর মুক্তিযোদ্ধা জসীম উদ্দিনসহ আটজনকে হত্যায় সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এ সাজা দেন ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি মীর কাসেম। ৯ ফেব্রুয়ারি আপিলের শুনানি শুরু হয়।