মীর কাসেমের রিভিউ আবেদন কার্যতালিকায়
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আবেদনটি শুনানির জন্য আজ সোমবার সর্বোচ্চ আদালতের কার্যতালিকায় রাখা হয়েছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চের কার্যতালিকায় গতকাল রোববার দেখা যায়, মীর কাসেমের আবেদনটি শুনানির জন্য আজ ৬৩ নম্বরে রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে রিভিউ শুনানি মুলতবির জন্য একটি আবেদন।
আপিল বিভাগের এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।
এদিকে মীর কাসেমের রিভিউ আবেদনের শুনানি দুই মাস মুলতবি চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেছেন তাঁর আইনজীবী। এ বিষয়ে মীর কাসেমের ছেলে মীর আহমেদ বিন কাসেম প্রথম আলোকে বলেন, আপিল বিভাগের রায়ে এই মামলার অভিযোগ গঠনের আদেশ ত্রুটিপূর্ণ বলা হয়েছে। এ বিষয়টি গভীরভাবে বিশ্লেষণের জন্য জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময় চেয়েছেন। তাই রিভিউ শুনানির প্রস্তুতির জন্য দুই মাস সময় চেয়ে আবেদন করা হয়েছে।
গত ১৯ জুন ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাসেম। ২১ জুন সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার আদালত ওই আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ২৫ জুলাই দিন নির্ধারণ করেন।