মীর কাসেমের রিভিউ আবেদনের শুনানি এক মাস পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর আবেদনের শুনানি এক মাস পিছিয়েছে। আবেদনটি শুনানির জন্য ২৪ আগস্ট দিন নির্ধারণ করেছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে গতকাল সোমবার আবেদনটি শুনানির জন্য ছিল। একই সঙ্গে ছিল রিভিউ শুনানি মুলতবির জন্য মীর কাসেমের আইনজীবীর আরেকটি আবেদন। গতকাল আদালতে মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, রিভিউ শুনানি প্রস্তুতির জন্য তাঁর দুই মাস সময় দরকার। আদালত এক মাস সময় মঞ্জুর করে ২৪ আগস্ট শুনানির দিন নির্ধারণ করেন। আদালত বলেন, এরপর আর সময় দেওয়া হবে না।
আপিল বিভাগের এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মীর কাসেমের রিভিউ আবেদনের শুনানি দুই মাস মুলতবি চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় গত রোববার আবেদন করেন তাঁর আইনজীবী।
গত ১৯ জুন ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন মীর কাসেম।