
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর আবেদনের শুনানির জন্য আগামী ২৫ জুলাই দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই তারিখ ধার্য করেন। ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে মীর কাসেমের আবেদন দ্রুত শুনানির জন্য গতকাল চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন চেম্বার বিচারপতি।
রাষ্ট্রপক্ষে আদালতে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। একাত্তরের গুপ্তঘাতক কুখ্যাত আলবদর বাহিনীর নেতা ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম গত রোববার ফাঁসির রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন।
মীর কাসেমের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে গত ৮ মার্চ রায় ঘোষণা করেন আপিল বিভাগ। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পূর্ণাঙ্গ রায়ের অনুলিপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছার পর মীর কাসেমের বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওই রাতেই মৃত্যুপরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়। পরদিন কাশিমপুর কারাগারে মীর কাসেমকে তা পড়ে শোনানো হয়।