মীর কাসেমের রিভিউ খারিজ হওয়ায় আ.লীগের স্বস্তি
জামায়াতের নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘রিভিউর রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এর জন্য জনগণের পক্ষ থেকে আমরা স্বস্তি প্রকাশ করছি।’
গতকাল মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠক হয় গতকাল। বৈঠকে সভাপতিত্ব করেন অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম। আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।
জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, জামায়াতের হরতালের কোনো আবেদন নেই। জামায়াত জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে। তাই তাদের হরতালে জনজীবনে কোনো প্রভাব পড়বে না। তিনি বলেন, ‘আমাদের আগামী জাতীয় সম্মেলনে অনেক দেশি-বিদেশি অতিথি আসবে। এর মাধ্যমে প্রমাণিত হবে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে উদীয়মান শক্তিধর দেশ এবং সফল সমৃদ্ধিশালী দেশে পরিণত হতে যাচ্ছে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন অভ্যর্থনা উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, উপকমিটির সদস্য সাহারা খাতুন, শাহরিয়ার আলম প্রমুখ।