একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর করা আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ গতকাল বুধবার শুনানি নিয়ে আগামী রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেন।
বেঞ্চের অন্য চার সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
মীর কাসেমের আইনজীবীর সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৫ জুলাই আপিল বিভাগ ২৪ আগস্ট (গতকাল) শুনানির দিন ধার্য করেছিলেন। ক্রম অনুসারে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে রিভিউ আবেদনটি এলে মীর কাসেমের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময় চান। তাঁকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ‘যে যুক্তিতে সময় চেয়েছেন তা গ্রহণযোগ্য নয়। এর আগে (২৫ জুলাই) সময়ের আবেদন করেছেন, সময় দিয়েছি। এই আইনে রিভিউ নাই। এরপরও আমরা প্রথা ও মানবিক কারণে এটি দিয়েছি।’
খন্দকার মাহবুব বলেন, ‘মামলার কাগজপত্র মীর কাসেমের ছেলের (মীর আহমাদ বিন কাসেম ওরফে আরমান) কাছে। তাঁকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আরমান মামলায় আইনজীবী ছিলেন। আমার কাছে কাগজপত্র নেই। আমি অসহায় অবস্থায় আছি। রেকর্ড না থাকলে মামলা থেকে প্রত্যাহার ছাড়া আর কি করতে পারি?’
আদালত বলেন, মুলতবির জন্য ওই যুক্তি গ্রহণযোগ্য নয়। একপর্যায়ে খন্দকার মাহবুব বলেন, তাঁর কাছে পেপারবুক নেই। খন্দকার মাহবুবকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, আপনার কাছে সেদিন পেপারবুক ছিল, আজ নেই কেন? জবাবে তিনি বলেন, সেদিনের পর আরমান নিয়ে গেছেন।
একপর্যায়ে নিজের পেপারবুক খন্দকার মাহবুবের দিকে বাড়িয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন, ‘আমি পেপারবুক দিচ্ছি। আপনি শুনানি শুরু করেন।’ এরপর খন্দকার মাহবুব প্রথমে এক সপ্তাহ সময় চান এবং পরে বলেন, ‘এক দিন সময় দেন, রোববার শুরু করি।’ প্রধান বিচারপতি বলেন, ‘আপনি শুরু করেন, রোববার শেষ করবেন।’
এ সময় ডায়াসের পাশে থাকা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও তাঁর কাছে থাকা পেপারবুক খন্দকার মাহবুবের দিকে এগিয়ে দেন। তখন পেপারবুক ছাড়া স্মৃতি থেকে বলবেন বলে জানান খন্দকার মাহবুব হোসেন। প্রধান বিচারপতি বলেন, ‘শুরু করেন, আমি জানি আপনার স্মরণশক্তি ভালো।’
এরপর খন্দকার মাহবুব শুনানিতে বলেন, একটি অভিযোগের ওপর বক্তব্য দেবেন, যে অভিযোগে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এরপর আদালত রোববার পর্যন্ত শুনানি মুলতবি করেন।
গতকাল বিকেলে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, ২৮ আগস্টের কার্যতালিকায় রিভিউ আবেদনটি ১০ নম্বর ক্রমিকে রয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশের পর তা পুর্নবিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।