মীর কাসেমের রিভিউ শুনানি শেষ, আদেশ মঙ্গলবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর করা আবেদনের ওপর ৩০ আগস্ট (মঙ্গলবার) আদেশ দেবেন সর্বোচ্চ আদালত। গতকাল রোববার ওই আবেদনের ওপর শুনানি শেষে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।
বেঞ্চের অন্য চার সদস্য হলেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
মীর কাসেমের আইনি লড়াইয়ে রিভিউ আবেদনই শেষ ধাপ। এ আবেদন নাকচ হলে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন। তিনি প্রাণভিক্ষা না চাইলে বা প্রাণভিক্ষার আবেদন নাকচ হলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা নেই।
মীর কাসেমের রিভিউ আবেদনের ওপর ২৪ আগস্ট শুনানি শুরু হয়। সেদিন আপিল বিভাগ পরবর্তী শুনানির জন্য গতকাল দিন রাখেন। গতকাল প্রায় দুই ঘণ্টা শুনানি শেষে আদালত আদেশের দিন ধার্য করেন।
আদালতে মীর কাসেমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।
শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, মীর কাসেমের দণ্ড বহাল থাকবে বলে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘আসামিপক্ষ বলেছে মুক্তিযোদ্ধা জসীমকে হত্যা করা হয়েছে, এর চাক্ষুষ সাক্ষী নেই। আমরা দেখিয়েছি, জসীম যে ডালিম হোটেলে বন্দী ছিল, এটি প্রমাণিত। সেখানে কাসেম আলীর নিয়ন্ত্রণ ছিল। জসীমকে যখন নির্যাতন করে ফেলে দেওয়া হয়, তখন সেখানে মীর কাসেম ছিলেন, তা শফিউল আলম দ্বিতীয় সাক্ষীকে বলেছেন। অন্য কয়েকজন সাক্ষীর বক্তব্যেও বিষয়টি এসেছে। সাক্ষী নেই—আসামিপক্ষের এমন বক্তব্য সঠিক নয়।’
অন্যদিকে, খন্দকার মাহবুব হোসেন বলেন, একটি অভিযোগে তাঁর (মীর কাসেম) মৃত্যুদণ্ড হয়েছে, তা বহাল থাকবে না বলে তিনি আশা করেন। তিনি বলেন, যে সাক্ষ্য-প্রমাণ আছে, তাতে অন্তত এই অভিযোগের (১১ নম্বর—কিশোর মুক্তিযোদ্ধা জসীম হত্যা) জন্য তাঁর অপরাধ প্রমাণিত হয় না। তারপরও যদি আদালত মনে করেন অপরাধ প্রমাণিত হয়েছে, সে ক্ষেত্রে তাঁদের নিবেদন থাকবে মীর কাসেম এই হত্যাকাণ্ডের মুখ্য অপরাধী হিসেবে না থাকায় ৩০২ ধারায় মৃত্যুদণ্ড দেওয়া আইনগতভাবে ঠিক হবে না।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের (প্রসিকিউটর) প্রসঙ্গ: শুনানিকালে মীর কাসেমের বিরুদ্ধে মামলা যথাযথভাবে পরিচালনা করতে না পারায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলির বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চান আপিল বিভাগ। আদালত বলেন, আইনমন্ত্রী সংবাদ সম্মেলন করে বলেছেন, রায় প্রকাশ হলে ব্যবস্থা নেবেন। কী ব্যবস্থা নিয়েছেন? এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, ১২ নম্বর অভিযোগেও আসামির সাজা হতো। কেবল তাঁদের অদক্ষতার কারণে ...।
আদালত বলেন, ভালো ভালো প্রসিকিউটর নিয়োগ করেন না কেন? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ভালো প্রসিকিউটর আছেন। তাঁদের এই মামলায় কেন যুক্ত করা হলো না, সেটা বিষয়।
পরে এ বিষয়ে মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, মীর কাসেমের মামলা পরিচালনায় যে যে প্রসিকিউটর অংশ নিয়েছেন এবং প্রধান প্রসিকিউটর, যিনি তাঁদের দায়িত্ব দিয়েছেন, এই কয়েকজনের ব্যাপারে আদালত একটি অভিমত প্রকাশ করেছেন, তাঁদের এখানে থাকা উচিত নয়।
মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশিত হয়। তা পুনর্বিবেচনা চেয়ে ১৯ জুন আবেদন করেন তিনি।