মীর কাসেমের রিভিউ শুনানির জন্য তালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে একাত্তরের গুপ্তঘাতক কুখ্যাত আলবদর বাহিনীর নেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর করা আবেদনের ওপর আজ বুধবার শুনানির দিন ধার্য রয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এর আগে ২৫ জুলাই শুনানির জন্য এ দিন ধার্য করেন।

গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, ‘রায়ের বিরুদ্ধে’ শুনানির জন্য আপিল বিভাগের বুধবারের দৈনন্দিন কার্যতালিকায় মীর কাসেম আলীর রিভিউ আবেদনটি ৫ নম্বর ক্রমিকে রয়েছে, সঙ্গে রয়েছে একটি মুলতবির আবেদন।

মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, তিন সপ্তাহের সময় চেয়ে তাঁরা মুলতবির আবেদন করেছেন। এর কারণ হিসেবে তিনি বলেন, ‘এই মামলায় আমাকে যে সহায়তা করত, মীর কাসেম আলীর ছেলে আরমান (মীর আহমেদ বিন কাসেম)। তাকে কিছুদিন আগে তুলে নেওয়া হয়েছে। নথিপত্র তার কাছে। তার বাসায়ও কেউ নেই। আশা ছিল, হয়তোবা পুলিশ তাকে থানায় সোপর্দ করলে বা কারাগারে পাঠালে সেখানে গিয়ে দেখা করে হদিস পাব কাগজপত্রগুলো কোথায় আছে।’

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনা চেয়ে গত ১৯ জুন আবেদন করেন তিনি। মীর কাসেমের আইনি লড়াইয়ে রিভিউ আবেদনই শেষ ধাপ। এ আবেদন নাকচ হলে ফাঁসি এড়াতে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন।

২০১২ সালের ১৭ জুন মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমকে গ্রেপ্তার করা হয়। ২০১৪ সালের ২ নভেম্বর ট্রাইব্যুনালের রায়ে দুটি অভিযোগে তাঁকে ফাঁসির দণ্ড ও আটটি অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২০১৪ সালের ৩০ নভেম্বর আপিল করেন মীর কাসেম। গত ৮ মার্চ আপিলের রায়ে ১৯৭১ সালে চট্টগ্রামের কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে হত্যার দায়ে মীর কাসেমের ফাঁসির আদেশসহ আরও ছয়টি অভিযোগে তাঁর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড বহাল রাখেন আদালত।

মীর কাসেম আলীর রায় বাতিল করে পুনর্বিচারের আহ্বান: মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর রায় বাতিল এবং আন্তর্জাতিক মান অনুযায়ী পুনর্বিচারের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের কয়েকজন মানবাধিকার বিশেষজ্ঞ। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি এ আহ্বান জানান তাঁরা।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, বিচার বিভাগের স্বাধীনতা, নির্যাতন, বলপূর্বক আটক ও জোরপূর্বক গুমবিষয়ক জাতিসংঘের চার বিশেষজ্ঞ ওই বিবৃতিতে বলেন, ‘অনিয়মের কারণে মীর কাসেম আলীর বিচার ও আপিল প্রক্রিয়া যথাযথ হয়নি বলে জানা গেছে। ফলে বিচারের সুষ্ঠুতা ও মৃত্যুদণ্ড দেওয়ার প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান রক্ষিত হয়নি।’