মীর কাসেমের লাশ মানিকগঞ্জে দাফন না করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া মীর কাসেম আলীর লাশ মানিকগঞ্জে দাফন না করার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
জেলা সদরের শহীদ রফিক সড়কে গতকাল শনিবার রাতে এ নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলার মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলেছে, ফাঁসি কার্যকরের পর মীর কাসেম আলীকে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের চালা গ্রামে দাফন করা হতে পারে। মীর কাসেমের জন্ম উপজেলার সূতালড়ি ইউনিয়নের মুন্সীডাঙ্গী গ্রামে। নদীভাঙনে বাড়িটি বিলীন হয়ে গেলে তিনি চালা গ্রামে জমি কেনেন। সেখানে কোনো বাড়িঘর না থাকলেও একটি মসজিদ নির্মাণ করেন মীর কাসেম আলী।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) মানিকগঞ্জ জেলার সভাপতি আজাহারুল ইসলাম বলেন, ‘কুখ্যাত রাজাকার মীর কাসেম আলীর জন্ম মানিকগঞ্জে হওয়ায় আমরা লজ্জিত। তাঁকে মানিকগঞ্জে দাফন না করার দাবি জানাচ্ছি।’
জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ ও জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদ বলেন, ‘সরকারের কাছে দাবি, মীর কাসেমের দাফন যেন মানিকগঞ্জে না হয়।’