মীর কাসেমের সঙ্গে দেখা করলেন স্বজনেরা

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করেছেন তাঁর স্ত্রী ও পরিবারের লোকজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী মীর কাসেম আলীর সঙ্গে স্বজনদের সাক্ষাৎ হয়।
একাত্তরের কুখ্যাত গুপ্তঘাতক আলবদর বাহিনীর নেতা মীর কাসেম আলীর বিরুদ্ধে ৮ মার্চ ফাঁসির আদেশ বহালের রায় দেন দেশের সর্বোচ্চ আদালত। এরপর এই প্রথমবার স্বজনেরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার প্রশান্ত কুমার বণিক জানান, সকাল সাড়ে ১১টার দিকে মীর কাসেম আলীর স্ত্রী, পুত্র, পুত্রবধূ ও ভাতিজিসহ সাতজন তাঁর সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। তাঁরা প্রায় আধঘণ্টার মতো সময় কাটান সেখানে। প্রতি মাসে একবার পরিবারের লোকজন এলেও এবার সর্বশেষ ফাঁসির রায় বহালের আদেশের পর শনিবারই প্রথম পরিবারের ওই সদস্যরা মীর কাসেম আলীর সঙ্গে দেখা করলেন।
মীর কাসেম আলী বর্তমানে এই কারাগারের ফাঁসির (৪০) সেলে বন্দী রয়েছেন। এর আগে গ্রেপ্তারের পর ২০১২ সাল থেকে তাঁকে এই কারাগারে রাখা হয়। ২০১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দীর মর্যাদায় ছিলেন। মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর তাঁকে ফাঁসির সেলে পাঠানো হয়।