মীর কাসেমের সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে গণ-হত্যা ও মানবতা-বিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। তাঁদের দাবি, মীর কাসেমের বিরুদ্ধে গঠন করা ১৪টি অভিযোগের মধ্যে ১২টি তাঁরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে।
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপনের শেষ পর্যায়ে এ আরজি জানায়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম, সুলতান মাহ্মুদ, তুরিন আফরোজ, তাপস কান্তি বল ও রেজিয়া সুলতানা যৌথভাবে যুক্তি উপস্থাপন করেন। আজ মঙ্গলবার থেকে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হয়েছে।
রাষ্ট্রপক্ষ গত রোববার মীর কাসেমের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন শুরু করে। রোববার ১০টি অভিযোগের ওপর যুক্তি দেওয়া হয়। গতকাল বাকি চারটি অভিযোগের ওপর যুক্তি দেওয়া শেষ করে রাষ্ট্রপক্ষ। এরপর আইনি বিষয়ে যুক্তি উপস্থাপনকালে তুরিন আফরোজ বলেন, একাত্তরে চট্টগ্রামের ডালিম হোটেল নির্যাতন কেন্দ্রে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার পক্ষের লোকদের অপহরণের পর আটকে রেখে নির্যাতন ও হত্যা করা হতো। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য থেকে এটা প্রমাণিত, ডালিম হোটেল ছিল আলবদর বাহিনীর প্রধান দপ্তর এবং এর নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ছিল মীর কাসেমের হাতে। এই ক্যাম্পে যত নির্যাতন ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, এ জন্য মীর কাসেমকে তিন ধরনের দায় নিতে হবে—ব্যক্তিগত, যৌথ (জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ) ও ঊর্ধ্বতন কর্তৃত্বের দায় (সুপিরিয়র রেসপনসিবিলিটি)।
এ প্রসঙ্গে সার্বিয়ার যুদ্ধাপরাধী দাসকো তাদিকের মামলা উদ্ধৃত করে তুরিন আফরোজ বলেন, যুগোস্লাভিয়ার ট্রাইব্যুনালে এমন কোনো প্রমাণ ছিল না যে তাদিক অপরাধে অংশগ্রহণ করেছেন। কিন্তু অপরাধস্থলে তাঁর উপস্থিতি প্রমাণ করে, তিনি অপরাধ সংঘটনে প্রভাব ও ভূমিকা রেখেছেন। এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীরা বলেছেন, মীর কাসেম সব সময় ডালিম হোটেল ক্যাম্পে উপস্থিত ছিলেন। তিনি পাশে দাঁড়িয়ে থাকা নির্দোষ ব্যক্তি ছিলেন না। সাক্ষ্য থেকে প্রমাণিত হয়, অপরাধ সংঘটনের ক্ষেত্রে তাঁর পর্যাপ্ত কর্তৃত্ব ছিল।
মুক্তিযুদ্ধকালে মীর কাসেমকে ‘বাঙালি খান’ উল্লেখ করে তুরিন আফরোজ আরও বলেন, নানা কারণে মীর কাসেমের অপরাধ আরও গুরুতর হয়ে উঠেছে। একাত্তরে তিনি চট্টগ্রাম শহর শাখা ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি ও আলবদর নেতা ছিলেন। তিনি তাঁর রাজনৈতিক অবস্থান ও কর্তৃত্বের অপব্যবহার করেছেন। বিপুলসংখ্যক নারী ও শিশু তাঁর অপরাধের শিকার হয়েছেন। অপরাধের ধরনগুলো ছিল ভয়ংকর, কিন্তু আসামির এ জন্য কোনো অনুশোচনা ছিল না। এ ছাড়া ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জীবনে অপরাধের প্রভাব, অপরাধের সঙ্গে আসামির ব্যক্তিগত সংশ্লিষ্টতা, তাঁর শিক্ষা এবং বারবার অপরাধ অস্বীকার করা তাঁর অপরাধকে আরও গুরুতর করে তুলেছে। দোষী সাব্যস্ত হলে দণ্ড প্রদানের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনা করতে হবে।