মীর নাছিরের গণসংযোগে হামলা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন নির্বাচনী প্রচারণায় চালানোর সময় আওয়ামী লীগ সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও আওয়ামী লীগ এ হামলার অভিযোগ অস্বীকার করেছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে পৌরসভা এলাকার গোচরা চৌমুহনী এলাকায় ওই হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত একজনকে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
সন্ত্রাসী ওই হামলায় আহত উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত ছাত্রদলের কর্মী রায়হান, জাহাঙ্গীর ও আবদুস কুদ্দুছসহ বাকি নয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চন্দ্রঘোনা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টা থেকে রাঙ্গুনিয়ায় মেয়র প্রার্থী হেলাল উদ্দিন শাহের পক্ষে প্রচারণা শুরু করেন মীর মোহাম্মদ নাছির উদ্দিন। এ সময় হেলাল উদ্দিন ও দলীয় নেতা কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন। তাঁদের প্রচারাভিযান পৌরসভার গোচরা চৌমুহনী পৌঁছালে আচমকা ওই হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং বিএনপির নেতা কর্মীদের লাঠিসোঁটা দিয়ে বেদম পেটায়। ঘটনাস্থলের অদূরে থাকা পুলিশের সহযোগিতায় মীর নাছির তাঁর গাড়িতে উঠে শহরের দিকে চলে আসেন।
মীর মোহাম্মদ নাছিরউদ্দিন ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা তো প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে গিয়েছিলাম। গোচরা চৌমুহনী এলাকায় প্রচারণা শুরু করার পর স্থানীয় সাংসদ হাছান মাহমুদকে ওই এলাকা দিয়ে যেতে দেখি। তিনি চলে যাওয়ার দেড়-দু মিনিটের মধ্যে আমাদের ওপর হামলা হয়। হামলাকারীরা আমাদের দেখে চার-পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এরপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং নেতা কর্মীদের লাঠিসোঁটা দিয়ে বেদম পেটায়। এতে আমাদের ১২-১৩ নেতা কর্মী আহত হন।’
মীর নাছিরউদ্দিন আরও বলেন, ‘রাঙ্গুনিয়ায় বিএনপিকে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমাদের প্রার্থী নির্ভয়ে প্রচারণাও চালাতে পারছেন না। সেখানে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে।’
চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছাত্রদলের সাবেক নেতা মোহাম্মদ ফারুক ঘটনার বর্ণনা দিয়ে প্রথম আলোকে বলেন, ‘মীর নাছিরের নেতৃত্বে দলীয় নেতা কর্মীরা রাঙ্গুনিয়ায় গণসংযোগ করছিলেন। চৌমুহনী এলাকায় আচমকা হামলা চালানো হলে মীর নাছির সাহেবের গণসংযোগ ভণ্ডুল হয়ে যায়। একপর্যায়ে নাছির সাহেব নেতা কর্মীদের সহযোগিতায় কোনো রকমে গাড়িতে উঠে শহরের দিকে যাত্রা করেন। এর পরও তাঁর গাড়িতে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছিল।’
ফারুক আরও বলেন, ‘মীর নাছির চলে যাওয়ার পর লাঠিসোঁটা দিয়ে আমাদের বেদম মারধর করা হয়। এতে আমি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ি। আমাদের আরও কয়েকজনকে বেদম মারধর করা হয়েছে।’
অভিযোগ প্রসঙ্গে স্থানীয় সাংসদ হাছান মাহমুদ বলেন, ‘আমি রাঙ্গুনিয়া স্কুলের শতবর্ষ পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে ওই পথ দিয়ে যাচ্ছিলাম। স্কুলের পৌঁছার আধা ঘণ্টা পরে খবর পাই যে, মীর নাছির সাহেব বক্তৃতা করে চলে গেছেন। তারও এক ঘণ্টা পর আরও খবর পাই যে, বিএনপির লোকজন তাঁদের প্রচারণা ও বক্তৃতায় আমাদের নেত্রীর বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য রাখছিলেন। একই সময় যুবলীগের একটি অংশ ওই জায়গায় গণসংযোগ করতে গিয়ে তা শুনে ফেলে। তখন এ নিয়ে সামান্য উত্তেজনা সৃষ্টি হয়। তবে গণ্ডগোলের খবর সঠিক নয়।’
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, ‘হামলা বা গুলি বর্ষণের ঘটনা সঠিক নয়। মীর নাছির সাহেব গণসংযোগ করে শহরের চলে গেছেন। তবে প্রচারণা চালানোর সময় মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে একটু হাতাহাতির ঘটনা ঘটে।’