মীর নাসির ও মীর হেলালকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

দুর্নীতির মামলায় দণ্ডিত বিএনপির নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও তাঁর ছেলে মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হচ্ছে। আপিল বিভাগে আত্মসমর্পণ করে আপিল দায়েরের জন্য হলফনামার অনুমতি চেয়ে তাঁদের করা পৃথক আবেদন আজ বৃহস্পতিবার খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের ভার্চ্যুয়াল আপিল বিভাগ এ আদেশ দেন।

ওই মামলায় মীর নাসিরকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছরের সাজা এবং মীর হেলালকে দেওয়া ৩ বছরের কারাদণ্ড বহাল রেখে গত বছরের ১৯ নভেম্বর রায় দেন হাইকোর্ট। এই রায় বিচারিক আদালতে পৌঁছার তিন মাসের মধ্যে তাঁদের সেখানে আত্মসমর্পণ করতে বলা হয়। চলতি বছরের জানুয়ারিতে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। এরপর মীর নাসির ও মীর হেলাল হলফনামার অনুমতি চেয়ে পৃথক দুটি আবেদন করেন, যা আজ আপিল বিভাগে শুনানির জন্য ওঠে।

আদালতে তাঁদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও রুহুল কুদ্দুস। দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

পরে আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, ‘বিচারিক আদালতে আত্মসমর্পণ না করে আপিল বিভাগে আত্মসমর্পণ করে আপিল দায়েরের জন্য হলফনামা করার অনুমতি চেয়ে মীর নাসির ও মীর হেলাল পৃথক আবেদন করেন। নিয়ম অনুযায়ী বিচারিক আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়েরের জন্য অনুমতি চাইতে হয়। অনুমতি চেয়ে করা আবেদন দুটি খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় চলতি বছরের আগস্টে বিচারিক আদালত পৌঁছে। ফলে মীর নাসির ও মীর হেলালকে ঢাকার বিশেষ জজ আদালত-২ আত্মসমর্পণ করতে হাইকোর্টের দেওয়া রায় বহাল রইল এবং তাঁদের নির্ধারিত সময়ে আত্মসমর্পণ করতে হবে।’

অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মীর নাসির ও তাঁর ছেলে মীর হেলালের বিরুদ্ধে ২০০৭ সালের ৬ মার্চ গুলশান থানায় দুদক মামলা করে। এ মামলায় বিশেষ জজ আদালত একই বছরের ৪ জুলাই মীর নাসির উদ্দিনকে ১৩ বছর এবং মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে পৃথক আপিল করেন। হাইকোর্ট ২০১০ সালের ১০ আগস্ট মীর নাসিরের এবং একই বছরের ২ আগস্ট মীর হেলালের সাজা বাতিল করে রায় দেন।

হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিল আবেদন করে দুদক। এর শুনানি নিয়ে ২০১৪ সালের ৩ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন। একই সঙ্গে বিচারিক আদালতের সাজার বিরুদ্ধে বাবা-ছেলের করা পৃথক আপিল হাইকোর্টে পুনরায় শুনানির নির্দেশ দেওয়া হয়। শুনানি শেষে গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট ওই রায় দেন।