মীর শওকতের জানাজা ও দাফন আজ
সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আজ সোমবার সমাহিত হবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল (অব.) মীর শওকত আলী বীর উত্তম।আজ সকাল সাড়ে ১০টায় তাঁর মরদেহ প্রথমে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে আনা হবে। এখানে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মীর শওকতের মামাতো ভাই ফখরুদ্দিন আহমেদ জানান, নয়াপল্টন থেকে বেলা সাড়ে ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জাতীয় সংসদের স্পিকার, সাংসদ, মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা শেষ শ্রদ্ধা জানাবেন।এরপর সেনাবাহিনীর সদস্যরা মীর শওকতের মরদেহ সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নিয়ে যাবেন। সেখানে বাদ জোহর জানাজা শেষে বনানীতে সেনাবাহিনীর কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে। এর মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘটবে এই বীর মুক্তিযোদ্ধার বর্ণাঢ্য জীবনের।গতকাল রোববার মীর শওকতের স্ত্রী তাহমিনা শওকত, মেজ মেয়ে সোনিয়া ও ছোট মেয়ে তানিয়া লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন। বিমানবন্দর থেকে তাঁরা সরাসরি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সংরক্ষিত মীর শওকতের মরদেহ দেখতে যান। সেখান থেকে বিকেল পাঁচটার দিকে তাঁরা গুলশানের বাসায় চলে যান।শোক: মীর শওকত আলীর মৃত্যুতে রাজনীতিক, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ এক শোক বিবৃতিতে বলেন, মহান মুক্তিযুদ্ধে মরহুমের অবদান দেশবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এক বিবৃতিতে বলেন, ‘মরহুম মীর শওকত আলী মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছেন। স্বাধীনতাবিরোধী জামায়াতিদের বিরুদ্ধে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে তাঁর অবস্থান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক বলেন, মীর শওকতের মৃত্যুতে দেশ মুক্তিযুদ্ধের একজন সাহসী যোদ্ধা ও সেক্টর কমান্ডারকে হারাল। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে মীর শওকতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সব সেক্টর কমান্ডারকে একই স্থানে পাশাপাশি দাফন করার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকেও মীর শওকতের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়। এ ছাড়া জাসদ (ইনু), কৃষক শ্রমিক জনতা লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), মুক্তিযোদ্ধা পুনর্বাসন সংস্থা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, প্যালেস্টাইন প্রত্যাগত মুক্তিযোদ্ধা সংসদ, মদিনা গ্রুপ প্রভৃতি সংগঠন মীর শওকতের মৃত্যুতে শোক প্রকাশ করেছে।