মীরাক্কেলের আবু হেনা রনির বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ভারতের জি বাংলার কমেডি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’ চ্যাম্পিয়ন আবু হেনা রনির বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে সিংড়া উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মামলাটি করেন। আবু হেনা রনি অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।
বাদী হাফিজুর রহমান বলেন, আসামি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের বিশেষ মুহূর্তগুলোকে ব্যঙ্গ করে কটূক্তি করেছেন। এতে তাঁর নেত্রী হেয়প্রতিপন্ন হয়েছেন।
আবু হেনা রনি গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কোনো বিষয় নিয়ে স্ট্যাটাস দেইনি।’
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, তদন্ত সাপেক্ষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।