নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে আওয়ামী ‘জনতা লীগ’ নেতা শেখ স্বাধীন মনির হোসেন খুনের ঘটনায় গত বুধবার রাতে মামলা হয়েছে। তাঁর স্ত্রী পারভীন বেগম মেঘলা ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন। এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর হোসেন ওরফে ল্যাংড়া মীরুর সাত সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীতে মানববন্ধন করে ‘জনতা লীগ’ ও এলাকাবাসী। তারা দুই দিনের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়।
ফতুল্লা মডেল থানা-পুলিশ সূত্র জানায়, মনিরের স্ত্রীর দায়ের করা মামলায় সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আছেন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ল্যাংড়া মীরুর ভাই আলমগীর, ভাগনে শাকিল ও সহযোগী মীর জাফর জনি। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ছয়-সাতজনকে আসামি করা হয়। তবে এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে স্বাধীন মনির খুনের প্রতিবাদে গতকাল বেলা তিনটার দিকে নগরীর বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে আওয়ামী জনতা লীগ ও এলাকাবাসী। এতে অংশগ্রহণকারীরা মীরু বাহিনীর সদস্যদের ফাঁসির দাবি করেন। মানববন্ধনে আওয়ামী জনতা লীগের জেলা কমিটির সভাপতি আতাউর রহমান, মনির হোসেনের ভাই মজিবর রহমান, স্ত্রী পারভীন আক্তার, বড় বোন রেখা বেগম প্রমুখ অংশ নেন।
পারভীন আক্তার বলেন, ‘আমি আর কিছু চাই না। আমি শুধুমাত্র হত্যাকারীদের ফাঁসি চাই।’ বক্তব্য দিতে গিয়ে তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন।
বক্তারা খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। এই সময়ের মধ্যে দাবি না মানা হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়।
ফতুল্লার রসূলপুর এলাকায় গত মঙ্গলবার রাতে স্বাধীন মনির সন্ত্রাসীদের চাপাতির কোপে গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি। মনির আওয়ামী জনতা লীগের ফতুল্লা থানা সভাপতি ছিলেন।