মীর্জা আজিজা ইদরিস ছিলেন সমাজের বাতিঘর
নারীনেত্রী মীর্জা আজিজা ইদরিস শুধু নারী প্রগতি নয়, মানবমুক্তির সন্ধানে ছিলেন নিবেদিতপ্রাণ। আপসহীন, অসাম্প্রদায়িক, সাম্রাজ্যবাদবিরোধী রাজনীতিতে বিশ্বাসী এই নেত্রী ছিলেন সমাজের বাতিঘর।গতকাল রোববার বিকেলে মীর্জা আজিজা ইদরিসের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এ কথা বলেন। শিল্পকলা একাডেমীতে নাগরিক শোকসভা কমিটি এর আয়োজন করে।সভায় বক্তারা বলেন, এ দেশের প্রতিটি প্রগতিশীল আন্দোলনে আজিজা ইদরিস স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর নির্বাচন, ছয় দফা ও এগারো দফা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন, মহান মুক্তিযুদ্ধ, সামরিক শাসনবিরোধী আন্দোলন, শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আন্দোলনসহ গণতান্ত্রিক ও প্রগতিশীল সব কর্মসূচিতে তাঁর অবস্থান ও অংশগ্রহণ ছিল সামনের সারিতে।অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মীর্জা আজিজা ইদরিসের প্রতিকৃতিতে ফুল দেওয়া হয়। এ ছাড়া এক মিনিট নীরবতা পালন করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর মীর্জা আজিজা ইদরিস ইন্তেকাল করেন।