মীর্জা আজিজা ইদরিসের জীবনাদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মীর্জা আজিজা ইদরিসের জীবনাদর্শ দেশের সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। একজন নারীও যদি তাঁর জীবন থেকে শিক্ষা নেন, তা হবে দেশের জন্য বিরাট এক প্রাপ্তি।’ গতকাল রোববার বাংলাদেশ মহিলা পরিষদ, ঢাকা মহানগর কমিটির আয়োজনে সুফিয়া কামাল ভবনে অনুষ্ঠিত এক শোকসভায় আলোচকেরা এ কথা বলেন। গত ১৭ অক্টোবর মীর্জা আজিজা ইদরিস ইন্তেকাল করেন।অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ মহিলা পরিষদের ঢাকা মহানগর কমিটির সহসভানেত্রী, গণতন্ত্রী পার্টির উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মীর্জা আজিজা ইদরিসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক রেহানা ইউনুসের পরিচালনায় শোক প্রস্তাব পাঠ করেন মহানগর সমাজকল্যাণ সম্পাদক নাসরিন মনসুর।আলোচনায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী আয়েশা খানম বলেন, মীর্জা আজিজা ইদরিসের জীবন এ দেশের সংগ্রামমুখর ইতিহাসের একটি অংশ। তিনি আরাম-আয়েশে একটা ঝুটঝামেলাহীন জীবন কাটিয়ে দিতে পারতেন, কিন্তু তা করেননি। ১৯৬৯ সাল থেকে অধিকার প্রতিষ্ঠার যত আন্দোলন হয়েছে, সব জায়গায় মীর্জা আজিজা ইদরিস নেতৃত্ব দিয়েছেন। দেশের জন্য এমন নারী খুব প্রয়োজন, যাঁরা স্বেচ্ছায় এমন একটা জীবন বেছে নেবেন।মহানগর সাধারণ সম্পাদক সারাবান তহুরা, সাংগঠনিক সম্পাদক নূরুল ওয়ারা ও সদস্য ইয়াসমীন সালাম বেগম মীর্জা আজিজা ইদরিসের জীবনী থেকে তাঁর সংগ্রামী জীবন সম্পর্কে লেখা কিছু অংশ পাঠ করে শোনান।পরিবার থেকেই কীভাবে তাঁর সংগ্রামী জীবনের বুনিয়াদ গড়ে উঠেছিল, সে সম্পর্কে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ফওজিয়া মোসলেম। তিনি জানান, মীর্জা আজিজা ইদরিসকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিলেন তাঁর মা। পারিবারিকভাবেই তিনি ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতাদের সম্পর্কে জানতে শুরু করেন। ১৪ বছর বয়সে বিয়ের পর সাংবাদিক স্বামী কাজী মো. ইদরিসের সাহচর্যে তাঁর এই শিক্ষা আরও পাকাপোক্ত হয়। তিনি সব গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত করেন। সব বিপ্লবীর কাছে তাঁর তিন কামরার ছোট্ট বাড়িটি ছিল উন্মুক্ত।ঢাকা মহানগর কমিটির সভাপতি সৈয়দা শামস আরা হোসেন বলেন, তাঁর মৃত্যুতে এক অসীম শূন্যতা সৃষ্টি হয়েছে। মীর্জা আজিজা ইদরিস তাঁর জীবন সম্পর্কে মন্তব্য করেছিলেন, ‘আমি জীবনযুদ্ধে হার মানিনি।’ নিজের জীবন সম্পর্কে এত সার্থক, তৃপ্ত মন্তব্য করার নজির আর দ্বিতীয়টি নেই।ব্যক্তিগত জীবনে তিনি কেমন ছিলেন, সে সম্পর্কে স্মৃতিচারণা করেন তাঁর দুই ছেলে কাজী মোহাম্মদ শীশ, কাজী নীশু ও পুত্রবধূ সামিনা চৌধুরী। তাঁদের কাছে মীর্জা আজিজা ইদরিস এক অসাধারণ ব্যক্তিত্ব, দেশপ্রেমিক, কঠোর নিয়মানুবর্তী আর তেজোদীপ্ত এক নারী।