মুঈন-আশরাফের বিরুদ্ধে মামলার চূড়ান্ত পর্যায় শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র
মা ন ব তা বি রো ধী অ প রা ধে র বি চা র

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে। এর মাধ্যমে এ মামলার চূড়ান্ত পর্যায় শুরু হলো।
রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হবে।যুক্তিতে রাষ্ট্রপক্ষ বলেছে, একাত্তরে মুক্তিযুদ্ধকালে আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ ছিলেন মুঈনুদ্দীন ও চিফ এক্সিকিউটর ছিলেন আশরাফুজ্জামান।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান। যুক্তিতে তিনি বলেন, একাত্তরের ২৯ ডিসেম্বর দৈনিক পূর্বদেশ-এর প্রতিবেদন অনুসারে মুঈনুদ্দীন ১৯৭০ ও ৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। তিনি মুহসীন হলের আবাসিক ছাত্র ছিলেন এবং ইসলামী ছাত্রসংঘ (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন) করতেন। ওই প্রতিবেদনে মুঈনুদ্দীনের ছবি ছাপানো হয় ও ক্যাপশনে বলা হয়, এই নরঘাতককে খুঁজে বের করতে হবে। একই দিন দৈনিক বাংলায় প্রকাশিত প্রতিবেদনে মুঈনুদ্দীনকে খুনি আলবদরের অপারেশন ইনচার্জ বলা হয়। ওই দিন অবজারভার-এর প্রতিবেদনেও তাঁকে আলবদরের অপারেশন ইনচার্জ বলা হয়।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ১৯৭০ সালের ১২ মে দৈনিক সংগ্রাম-এ ডাকসু নির্বাচন-সংক্রান্ত খবরে ছাত্রসংঘের প্রার্থীদের নাম দেওয়া হয়, এতে সাধারণ সম্পাদক পদের প্রার্থীর নাম ছিল আশরাফুজ্জামান। সেখানে তাঁর পরিচিতিতে বলা হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও মুহসীন হলের আবাসিক ছাত্র। একই বছরের ১৪ মে দৈনিক সংগ্রাম-এর আরেকটি প্রতিবেদনেও ডাকসু নির্বাচনের প্রার্থী হিসেবে আশরাফুজ্জামানের ছবি ছাপা হয়।সাহিদুর রহমান যুক্তিতে বলেন, ১৯৭২ সালের ১৩ জানুয়ারি প্রকাশিত দৈনিক পূর্বদেশ-এর প্রতিবেদনে আশরাফুজ্জামানকে একাত্তরের মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের জন্য দায়ী করে বলা হয়, তিনি আলবদরের চিফ এক্সিকিউটর ছিলেন। এ ছাড়া আলবদর বইয়ে তাঁকে আলবদর নেতা উল্লেখ করা হয়েছে। সাহিদুর রহমান গতকাল মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনা ষষ্ঠ অভিযোগের বিষয়ে যুক্তি দেন। ষষ্ঠ অভিযোগ অনুসারে, একাত্তরের ১৪ ডিসেম্বর সকাল আটটা থেকে পৌনে ১০টার মধ্যে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের নেতৃত্বে পাঁচ-ছয়জন আলবদর সদস্য অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক সিরাজুল হক খান, আবুল খায়ের, ফয়জুল মহিউদ্দিন, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য ও চিকিৎসক মো. মুর্তজাকে তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে অপহরণ করে। ১৬ ডিসেম্বরের পর মিরপুর বধ্যভূমি থেকে তাঁদের ছয়জনের লাশ পাওয়া যায়। সিরাজুল হক খান ও ফয়জুল মহিউদ্দিনের লাশ পাওয়া যায়নি।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, এই অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষী গিয়াস উদ্দিনের বোন ফরিদা বানু, ভাগনি মাসুদা বানু, সিরাজুল হক খানের ছেলে এনামুল হক, আবুল খায়েরের ছোট ছেলে রাশিদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, মো. মর্তুজার স্ত্রীর বড় ভাই ওমর হায়াত সাক্ষ্য দিয়েছেন। তাঁদের সবার সাক্ষ্যেই অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। সাক্ষ্যে মুঈন ও আশরাফের বিরুদ্ধে আনা এ অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

পরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।