
একাত্তরে মুক্তিযুদ্ধকালে ১৮ জন বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যার অভিযোগে পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে ৩ নভেম্বর রোববার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করবেন।
এটি হবে মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার নবম ও ট্রাইব্যুনাল-২-এর ষষ্ঠ রায়। অভিযোগ অনুসারে, মুক্তিযুদ্ধকালে মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর অপারেশন ইনচার্জ এবং আশরাফুজ্জামান ছিলেন চিফ এক্সিকিউটর। মুঈন যুক্তরাজ্যে ও আশরাফ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন।
বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার কার্যক্রমের শুরুতে বলেন, রোববার মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করা হবে।
চলতি বছরের ২৮ এপ্রিল রাষ্ট্রপক্ষ মুঈন ও আশরাফের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। তাঁদের সাত দিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়ে ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞাপন দেন। তাঁরা হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাঁদের পলাতক ঘোষণা করে বিচারিক কার্যক্রম শুরু করেন এবং তাঁদের পক্ষে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীকে নিয়োগ দেন। ২৫ জুন মুঈন ও আশরাফের বিরুদ্ধে ১১টি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ ১৫ জুলাই শুরু হয়ে শেষ হয় ২২ সেপ্টেম্বর। রাষ্ট্রপক্ষের সাক্ষী ছিলেন ২৫ জন। আসামিপক্ষে কোনো সাক্ষী না থাকায় রাষ্ট্রপক্ষ ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিন কার্যদিবসে যুক্তি উপস্থাপন করে। আসামিপক্ষ ২৯ ও ৩০ সেপ্টেম্বর যুক্তি দেয়। বিচার কার্যক্রম শেষে ৩০ সেপ্টেম্বর মামলাটি রায়ের জন্য অপেক্ষাধীন (সিএভি) রাখা হয়।
১১ অভিযোগ: মুঈন ও আশরাফের বিরুদ্ধে প্রথম থেকে পঞ্চম অভিযোগে রয়েছে, তাঁদের নির্দেশে ও অংশগ্রহণে আলবদর সদস্যরা একাত্তরের ১০ ডিসেম্বর দিবাগত রাতে দৈনিক ইত্তেফাক-এর কার্যনির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেনকে, ১১ ডিসেম্বর ভোরে পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল-এর প্রধান প্রতিবেদক সৈয়দ নাজমুল হককে ও দৈনিক পূর্ব দেশ-এর প্রধান প্রতিবেদক এ এন এম গোলাম মোস্তফাকে, ১২ ডিসেম্বর দুপুরে বিবিসির সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদকে এবং ১৩ ডিসেম্বর শিলালিপির সম্পাদক সেলিনা পারভীনকে অপহরণের পর হত্যা করে। তাঁদের মধ্যে কেবল সেলিনা পারভীনের লাশ পাওয়া গেছে।
ষষ্ঠ অভিযোগ অনুসারে, একাত্তরের ১৪ ডিসেম্বর সকাল আটটা থেকে পৌনে ১০টার মধ্যে মুঈন ও আশরাফের নেতৃত্বে আলবদর সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদ, অধ্যাপক সিরাজুল হক খান, আবুল খায়ের, ফয়জুল মহিউদ্দিন, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য ও চিকিৎসক মো. মর্তুজাকে অপহরণ করে। ১৬ ডিসেম্বরের পর মিরপুরের বধ্যভূমিতে সিরাজুল হক খান ও ফয়জুল মহিউদ্দিনের লাশ ছাড়া বাকি ছয়জনের লাশ পাওয়া যায়। সপ্তম থেকে একাদশ অভিযোগে রয়েছে, একাত্তরের ১৪ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক মুনীর চৌধুরী ও দৈনিক সংবাদ-এর যুগ্ম সম্পাদক শহীদুল্লা কায়সারকে অপহরণ করা হয়। তাঁদের লাশও পাওয়া যায়নি। ১৫ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল মেডিসিন ও কার্ডিওলজির অধ্যাপক মো. ফজলে রাব্বী এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. আলীম চৌধুরীকে অপহরণ করা হয়। দেশ স্বাধীন হওয়ার পর রায়েরবাজার বধ্যভূমিতে তাঁদের লাশ পাওয়া যায়।
এর আগে ট্রাইব্যুনাল-২ মানবতাবিরোধী অপরাধের পাঁচ মামলায় জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন, আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামান ও সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে মৃত্যুদণ্ডাদেশ এবং সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন। আপিলের রায়ে কাদের মোল্লাকে আপিল বিভাগ মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনাল-১ পৃথক তিনটি মামলার রায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডাদেশ, সাবেক আমির গোলাম আযমকে বয়স বিবেচনায় ৯০ বছরের কারাদণ্ডাদেশ এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।