মুঈন-আশরাফের বিরুদ্ধে যুক্তি উপস্থাপন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামীকাল সোমবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। যুক্তি উপস্থাপন শেষে এ মামলার রায় ঘোষণা করা হবে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে এ দিন ধার্য করেন।

আজ রাষ্ট্রপক্ষের শেষ সাক্ষী মুঈনুদ্দীনের অভিযোগের তদন্ত কর্মকর্তা আতাউর রহমানকে জেরা শেষ করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই। পলাতক থাকায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের অনুপস্থিতিতে এই মামলায় বিচারকার্য শুরু হয়। গত ১৫ জুলাই রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। একাত্তরের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী নিধনের যে নীলনকশা হয়েছিল, ঘাতক আলবদর বাহিনী তা বাস্তবায়ন করে। মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ আর আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’। তদন্তে পাওয়া তথ্য অনুসারে, মুঈনুদ্দীন বর্তমানে যুক্তরাজ্যে মুসলিম এইড নামের একটি সংস্থার প্রধান। আশরাফুজ্জামান থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।