মুঈন-আশরাফের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরেকজন
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী বাংলা একাডেমীর সহকারী গ্রন্থাগারিক এজাব উদ্দিন মিয়া। তিনি এ মামলার জব্দ তালিকার প্রথম সাক্ষী।বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-২-এ এজাব উদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।জবানবন্দিতে এজাব উদ্দিন বাংলা একাডেমীর গ্রন্থাগারে সংরক্ষিত ১৯৭১ থেকে ১৯৭২ সালে ডেইলি অবজারভার, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা, দৈনিক পূর্বদেশ, দৈনিক আজাদ, দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক সংগ্রাম এবং ডেইলি মর্নিং নিউজ পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।জবানবন্দি শেষে এজাব উদ্দিন মিয়াকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই। তাঁর জেরা শেষে এ মামলার কার্যত্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ অনুসারে, মুক্তিযুদ্ধকালে মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ এবং আশরাফ ছিলেন ‘চিফ এক্সিকিউটর’। তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, মুঈনুদ্দীন বর্তমানে যুক্তরাজ্যে এবং আশরাফ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।