
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন গতকাল বুধবার শেষ হয়েছে। যুক্তি উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ এ দুই আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী আইনগত বিষয়ে যুক্তি দেন। ঘটনার বিষয়ে রাষ্ট্রপক্ষের যুক্তি শেষ হয় গত মঙ্গলবার।
যুক্তিতে সৈয়দ হায়দার আলী বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধকালে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান যথাক্রমে আলবদরের অপারেশন ইনচার্জ ও চিফ এক্সিকিউটর ছিলেন। তাঁদের নির্দেশ ও তত্ত্বাবধানে বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যা করা হয়েছে। বিভিন্ন নথি ও রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্যে এটি প্রমাণিত হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগে দেখা যায়, তাঁরা বুদ্ধিজীবীদের একইভাবে অপহরণ করেছেন। বুদ্ধিজীবীদের ধরার পর সবারই চোখ ও হাত বেঁধে কাদামাখা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অপহরণের বিশ্লেষণ থেকে দেখা যায়, আলবদরেরা বুদ্ধিজীবীদের অপহরণের সময় একটি এলাকায় ঢুকে কিছু সময়ের ব্যবধানে ওই এলাকার আশপাশে থাকা বুদ্ধিজীবীদেরও একই দিনে ধরে নিয়ে গেছে। রায়েরবাজার বধ্যভূমি থেকে ফিরে আসা একমাত্র জীবিত ব্যক্তি দেলোয়ার হোসেনের সাক্ষ্যে এসেছে, বধ্যভূমির হত্যাযজ্ঞে কিলিং মিশনের নেতৃত্বে ছিলেন মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান। এ ছাড়া তাঁরা হত্যাযজ্ঞ তদারকও করেছেন।
সৈয়দ হায়দার আলী আরও বলেন, একাত্তরে আলবদর বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছে, মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান তার দায়দায়িত্ব এড়াতে পারেন না। তিনি ট্রাইব্যুনালের কাছে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের সর্বোচ্চ শাস্তির আরজি জানান।
রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী রোববার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। যুক্তি উপস্থাপন শেষে এই মামলার রায়ের দিন ধার্য করা হবে।
তদন্ত সংস্থা জানায়, মুঈনুদ্দীন যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।