মুঈন-আশরাফের সর্বোচ্চ শাস্তি দাবি রাষ্ট্রপক্ষের
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বুধবার রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়েছে। যুক্তিতে রাষ্ট্রপক্ষ দুই আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছে।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আজ রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সৈয়দ হায়দার আলী আইনি বিষয়ে যুক্তি দেন।
যুক্তিতে সৈয়দ হায়দার আলী বলেন, মুক্তিযুদ্ধকালে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান যথাক্রমে আলবদরের অপারেশন ইনচার্জ ও চিফ এক্সিকিউটর ছিলেন। তাঁদের নির্দেশ ও তত্ত্বাবধানে বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যা করা হয়েছে। বিভিন্ন নথি ও রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সাক্ষ্য থেকে এটি প্রমাণিত।
হায়দার আলী বলেন, মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে দেখা যায়, তাঁরা বুদ্ধিজীবীদের একইভাবে অপহরণ করেছেন। বুদ্ধিজীবীদের ধরার পর সবাইকে চোখ ও হাত বেঁধে কাদামাখা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অপহরণের বিশ্লেষণ থেকে দেখা যায়, আলবদরেরা বুদ্ধিজীবীদের অপহরণের সময় একটি এলাকায় ঢুকে কিছু সময়ের ব্যবধানে সেই এলাকার আশপাশে থাকা বুদ্ধিজীবীদের একই দিনে ধরে নিয়ে গেছে।
রায়েরবাজার বধ্যভূমি থেকে ফিরে আসা একমাত্র জীবিত দেলোয়ার হোসেনের সাক্ষ্যে এসেছে, বধ্যভূমির হত্যাযজ্ঞের কিলিং মিশনের নেতৃত্বে ছিলেন মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান। এ ছাড়া তাঁরা হত্যাযজ্ঞ তদারকিও করেছেন।
হায়দার আলী আরও বলেন, একাত্তরে আলবদর বাহিনী যে হত্যাযজ্ঞ চালিয়েছে, মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান তার দায়দায়িত্ব এড়াতে পারেন না। রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষে আসামিপক্ষের যুক্তি উপস্থাপনের জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।