মুঈনুদ্দীন-আশরাফুজ্জামানের বিরুদ্ধে আরও তিনজন সাক্ষ্য দেবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের আরও তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁরা হলেন শহীদ চিকিত্সক ফজলে রাব্বীর মেয়ে নুসরাত রাব্বী, ড. আবদুল আলীম চৌধুরীর মেয়ে ফারজানা চৌধুরী এবং একাত্তরে রায়েরবাজার বধ্যভূমি থেকে ভাগ্যক্রমে বেঁচে যাওয়া দেলোয়ার হোসেন।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আনুমতি দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান ওই তিন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ অনুমতি দেন।

এ মামলায় এ পর্যন্ত রাষ্ট্রপক্ষের আট সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাক্ষীরা হলেন শহীদ অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদের ভাগ্নি মাসুদা বানু, সহকর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, অধ্যাপক মুনীর চৌধুরীর ছোট ছেলে আসিফ মুনীর, শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের ছেলে সুমন জাহিদ, শহীদ অধ্যাপক সিরাজুল হক খানের ছেলে এনামুল হক খান, শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছোট ছেলে তৌহিদ রেজা নূর, সাংবাদিক সৈয়দ নাজমুল হকের বড় ছেলে সৈয়দ মর্তুজা নাজমুল এবং শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তাফার ভাই গোলাম রহমান।

সাক্ষীরা সবাই বলেছেন, তাঁদের স্বজনসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন।