মুঈনুদ্দীন ও আশরাফকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে বরেণ্য বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে তাঁদের ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মপক্ষ সমর্থন করতে হবে।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল রোববার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম গতকাল মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে গ্রেপ্তার-সংক্রান্ত পুলিশের প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। ওই প্রতিবেদন দেখে ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

আদেশে ট্রাইব্যুনাল বলেন, পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আদেশ অনুসারে, যত দ্রুত সম্ভব এ দুজনকে ট্রাইব্যুনালে হাজির হতে বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়। এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের ১০ দিনের মধ্যে ওই দুজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ২২ মে দিন ধার্য করা হয়।

মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে ২ মে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার সূত্রমতে, মুক্তিযুদ্ধকালে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার সঙ্গে এ দুজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ আর আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’।