মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
ট্রাইব্যুনাল বলেন, পুলিশ সদর দপ্তর থেকে ইতিমধ্যে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের হাতে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকায় তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ট্রাইব্যুনাল চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে ট্রাইব্যুনালে হাজির হতে বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের জন্য রেজিস্ট্রারকে নির্দেশ দেন। যত দ্রুত সম্ভব এ বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের জন্য রেজিস্ট্রারকে বলা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে এই দুজনকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে পরবর্তী আদেশ দেওয়ার জন্য ২২ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। এর আগে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল।