মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের অনুপস্থিতিতে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার এ আদেশ দেন।
এ-সংক্রান্ত আদেশে ট্রাইব্যুনাল বলেন, চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থন করতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা দুজন ওই সময়ের মধ্যে উপস্থিত হননি। পুলিশের দেওয়া প্রতিবেদনেও তাঁরা দুজন পলাতক। ট্রাইব্যুনাল মনে করছেন, আন্তর্জাতিক (ট্রাইব্যুনালস) আইন ১৯৭৩ অনুযায়ী তাঁদের অনুপস্থিতিতেই বিচারকাজ শুরুর নির্দেশ দেওয়া যায়।
ট্রাইব্যুনাল বলেন, চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের পক্ষে আইনি লড়াই চালানোর জন্য রাষ্ট্রনিযুক্ত সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হলো। এই দুজন হলেন আবদুস শুকুর খান ও সালমা হাই টুনি।
আদেশে ট্রাইব্যুনাল আরও বলেন, চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে আনা অভিযোগসহ অন্যান্য নথিপত্র রাষ্ট্রনিযুক্ত ওই দুজন আইনজীবীকে ৪ জুনের মধ্যে রেজিস্ট্রারের মাধ্যমে সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়। ওই দিনই এ মামলার ব্যাপারে পরবর্তী নির্দেশ দেবেন ট্রাইব্যুনাল।
এর আগে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তাঁরা হাজির না হওয়ায় পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। কিন্তু এতেও তাঁরা দুজন হাজির না হওয়ায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এই ট্রাইব্যুনালে এর আগে পলাতক থাকা অবস্থায় একই অভিযোগে আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলে। রায়ে তাঁর মৃত্যুদণ্ড হয়।
রাষ্ট্রপক্ষ গত ২৫ এপ্রিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। রেজিস্ট্রারের কার্যালয় আনুষ্ঠানিক ওই অভিযোগ ট্রাইব্যুনাল-২-এ পাঠায়।
ওই দিন রাষ্ট্রপক্ষ বলে, যেহেতু তাঁরা দুজন যৌথভাবে একই অপরাধ করেছেন, তাই তাঁদের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ না এনে একসঙ্গে ১৬টি অভিযোগ আনা হয়েছে। রেজিস্ট্রারের কার্যালয় ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল-২-এ পাঠায়।
মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শুরু করে। গত বছরের ৯ অক্টোবর তাঁদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়। তদন্তে মুক্তিযুদ্ধকালে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্ত সংস্থা ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্র রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়।
তদন্ত সংস্থা সূত্র জানায়, একাত্তরের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী নিধনের যে নীলনকশা হয়েছিল, ঘাতক আলবদর বাহিনী তা বাস্তবায়ন করে। মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’, আর আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’।