মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে বাংলা একাডেমীর কর্মকর্তার সাক্ষ্য
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী বাংলা একাডেমীর সহকারী গ্রন্থাগারিক এজাব উদ্দিন মিয়া। তিনি এ মামলার জব্দ তালিকার প্রথম সাক্ষী। বিচারপতি মজিবুর রহমান মিয়ার নেতৃত্বে দুই সদস্যের (চেয়ারম্যান অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনালে এজাব উদ্দিনের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে এজাব উদ্দিন বাংলা একাডেমী গ্রন্থাগারে সংরক্ষিত ১৯৭১ থেকে ১৯৭২ সালে প্রকাশিত ‘ডেইলি অবজারভার’, ‘দৈনিক পাকিস্তান’, ‘দৈনিক বাংলা’, ‘দৈনিক পূর্বদেশ’, ‘দৈনিক আজাদ’, ‘দৈনিক সংবাদ’, ‘দৈনিক ইত্তেফাক’, ‘দৈনিক সংগ্রাম’ ও ‘ডেইলি মর্নিং নিউজ’ পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।
জবানবন্দি শেষে এজাব উদ্দিন মিয়াকে জেরা করেন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই। জেরা শেষে এ মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।