মুঈনুদ্দীন ও আশরাফের আপিলের সময় শেষ
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আলবদর নেতা চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের আপিলের সময়সীমা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে।
মুক্তিযুদ্ধকালে ১৮ জন বুদ্ধিজীবীকে সুপরিকল্পিতভাবে হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত ৩ নভেম্বর মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে রায় ঘোষণা করেন। আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তিকে রায় ঘোষণার এক মাসের মধ্যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে হয়। গতকাল এ সময়সীমা শেষ হয়।
একাত্তরে পাকিস্তানি সেনাদের সহযোগী কুখ্যাত আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ মুঈনুদ্দীন লন্ডনে এবং আশরাফুজ্জামান থাকেন নিউইয়র্কে। তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর ট্রাইব্যুনাল দুটি দৈনিকে বিজ্ঞপ্তি দিয়ে তাঁদের আত্মসমর্পণের নির্দেশ দেন। তাঁরা আত্মসমর্পণ না করায় ট্রাইব্যুনাল তাঁদের পলাতক ঘোষণা করেন এবং অনুপস্থিতিতে বিচার করেন।
এর আগে একই ট্রাইব্যুনালের দেওয়া প্রথম রায়ে দণ্ডিত পলাতক আবুল কালাম আযাদও দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে পারেননি।