মুঈনুদ্দীন ও আশরাফের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধকালের মানবতা-বিরোধী অপরাধের মামলার আসামি পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গত সোমবার তাঁদের বিরুদ্ধে ১১টি অভিযোগ গঠন করেন। তাঁদের বিরুদ্ধে ১৮ জন বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করা হয়েছে। বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।
অভিযোগ গঠনের আদেশ অনুসারে, মুঈনুদ্দীন ও আশরাফ একাত্তরে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘের (বর্তমানে ইসলামী ছাত্রশিবির) কেন্দ্রীয় নেতা ছিলেন। তাঁরা আলবদর বাহিনীর উচ্চপর্যায়ের নেতা ছিলেন। মুঈনুদ্দীন পরিচিত ছিলেন আলবদরের ‘অপারেশন ইনচার্জ’ হিসেবে, আশরাফ ছিলেন ‘চিফ এক্সিকিউটর’।
আদেশের প্রথম থেকে পঞ্চম অভিযোগে বলা হয়, একাত্তরের ১০ ডিসেম্বর দিবাগত রাত তিনটা-সাড়ে তিনটার দিকে দৈনিক ইত্তেফাক-এর কার্যনির্বাহী সম্পাদক সিরাজুদ্দীন হোসেনকে তাঁর চামেলীবাগের বাসা থেকে অপহরণ করা হয়। ১১ ডিসেম্বর ভোর চারটা-সাড়ে চারটার দিকে পিপিআইয়ের (পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল) প্রধান প্রতিবেদক সৈয়দ নাজমুল হক তাঁর পুরানা পল্টনের বাসা থেকে অপহূত হন। ভোর ছয়টা-সাড়ে ছয়টার দিকে দৈনিক পূর্বদেশ-এর প্রধান প্রতিবেদক এ এন এম গোলাম মোস্তফাকে তাঁর গোপীবাগের বাসা থেকে, ১২ ডিসেম্বর দুপুরে বিবিসির সাংবাদিক নিজামুদ্দীন আহমদকে তাঁর কলতাবাজারের বাসা থেকে এবং ১৩ ডিসেম্বর দৈনিক শিলালিপির সম্পাদক সেলিনা পারভীনকে তাঁর নিউ সার্কুলার রোডের বাসা থেকে অপহরণ করা হয়। মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের নির্দেশে ও অংশগ্রহণে আলবদর সদস্যরা ওই বুদ্ধিজীবীদের অপহরণের পর হত্যা করে। তাঁদের মধ্যে একমাত্র সেলিনা পারভীনের লাশ রায়েরবাজার বধ্যভূমিতে পাওয়া যায়, অন্যদের লাশ পাওয়া যায়নি।
ষষ্ঠ অভিযোগ অনুসারে, একাত্তরের ১৩ ডিসেম্বর সকাল আটটা থেকে পৌনে ১০টার মধ্যে মুঈনুদ্দীন ও আশরাফের নেতৃত্বে আলবদরের পাঁচ-ছয়জনের একটি দল অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক সিরাজুল হক খান, ড. মো. মুর্তজা, ড. আবুল খায়ের, ড. ফয়জুল মহিউদ্দিন, অধ্যাপক রাশিদুল হাসান, অধ্যাপক আনোয়ার পাশা ও অধ্যাপক সন্তোষ ভট্টাচার্যকে তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে অপহরণ করে। ১৬ ডিসেম্বরের পর মিরপুর বধ্যভূমি থেকে সিরাজুল হক খান ও ফয়জুল মহিউদ্দিন ছাড়া বাকি ছয়জনের লাশ পাওয়া যায়।
সপ্তম থেকে একাদশ অভিযোগ অনুসারে, একাত্তরের ১৪ ডিসেম্বর দুপুর ১২টা-একটার দিকে অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরী, বেলা একটা-দেড়টার দিকে অধ্যাপক মুনীর চৌধুরী ও সন্ধ্যা ছয়টার দিকে দৈনিক সংবাদ-এর যুগ্ম সম্পাদক শহীদুল্লা কায়সারকে অপহরণ করা হয়। তাঁদের লাশ পাওয়া যায়নি। ১৫ ডিসেম্বর বেলা দুইটা-আড়াইটার দিকে ক্লিনিক্যাল মেডিসিন ও কার্ডিওলজির অধ্যাপক মো. ফজলে রাব্বী এবং বেলা সাড়ে তিনটা-চারটার দিকে চক্ষু বিশেষজ্ঞ ডা. আলীম চৌধুরীকে অপহরণ করা হয়। রায়েরবাজার বধ্যভূমিতে এ দুজনের লাশ পাওয়া যায়।
আদেশে আরও বলা হয়, ৩৫০ নাখালপাড়ায় আশরাফুজ্জামানের বাসা থেকে যে ডায়েরি উদ্ধার করা হয়, তাতে হত্যার জন্য তালিকাভুক্ত বুদ্ধিজীবী অধ্যাপক গিয়াস উদ্দিন আহমেদ, মোফাজ্জল হায়দার চৌধুরী ও মুনীর চৌধুরীর নাম ছিল। সব অভিযোগেই মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২)(এ)(জি)(এইচ) ধারায় মানবতাবিরোধী অপরাধ হিসেবে অপহরণ বা নিধন বা হত্যার অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আসামিদের বিরুদ্ধে আইনের ৪(১) ও ৪(২) ধারায় ব্যক্তিগত ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা হয়েছে।
মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে গত ২৮ এপ্রিল রাষ্ট্রপক্ষ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ট্রাইব্যুনাল এ দুজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে পুলিশ জানায়, তাঁরা পলাতক, অনেক আগে থেকে বিদেশে অবস্থান করছেন। ট্রাইব্যুনাল তাঁদের হাজির হতে নির্দেশ দিয়ে দুটি পত্রিকায় বিজ্ঞাপন দেন। তার পরও তাঁরা হাজির না হওয়ায় পলাতক ঘোষণা করে তাঁদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু হয়। তাঁদের পক্ষে সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীকেও নিয়োগ দেন ট্রাইব্যুনাল।
আদেশে বলা হয়, মুঈনুদ্দীন একাত্তরে দৈনিক পূর্বদেশ-এর স্টাফ রিপোর্টার এবং আশরাফুজ্জামান খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শেষে দুজনই দেশ ত্যাগ করেন। মুঈনুদ্দীনের ব্যক্তিগত ওয়েবসাইট এবং ২ মে বিবিসিতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, তিনি বর্তমানে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের মুসলিম স্পিরিচুয়াল কেয়ার প্রভিসনের পরিচালক। এ ছাড়া তিনি স্বেচ্ছাসেবী সংগঠন মুসলিম এইডের ট্রাস্টি ও পূর্ব লন্ডন মসজিদের সাবেক ভাইস চেয়ারম্যান।
২ মে ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে মুঈনুদ্দীন তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে ব্যক্তিগত ওয়েবসাইটে বিবৃতিতে বলেন, উন্মুক্ত, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত আদালত হলে তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগের জবাব দিতেন। কিন্তু ন্যায়বিচার পাবেন এমন আস্থা তাঁর নেই, যেখানে ট্রাইব্যুনাল ইতিমধ্যে বিচারিক ও আইনগত অসদাচরণের জন্য অভিযুক্ত হয়েছেন।
তদন্ত সংস্থার সূত্র ও ওয়েবসাইট থেকে জানা যায়, আশরাফুজ্জামান থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তিনি সেখানে ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকার (আইসিএনএ) শুরা সদস্য ও স্থানীয় মসজিদের ইমাম।