মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে অভিযোগ আমলে
একাত্তরে মুক্তিযুদ্ধকালে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ, তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি এবং সংশ্লিষ্ট নথিতে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক অভিযোগ (প্রাইমা ফেসি) পাওয়া গেছে। এ দুজনের বিরুদ্ধে যৌথভাবে অপরাধ সংঘটনের অভিযোগও রয়েছে। আদেশে ট্রাইব্যুনাল ওই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং তাঁদের গ্রেপ্তারের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন ১২ মে ট্রাইব্যুনালে জমা দিতে পুলিশকে নির্দেশ দেন।রাষ্ট্রপক্ষ গত ২৫ এপ্রিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। রাষ্ট্রপক্ষ বলেছে, যেহেতু তাঁরা দুজন যৌথভাবে একই অপরাধ করেছেন, তাই তাঁদের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ না এনে একসঙ্গে ১৬টি অভিযোগ আনা হয়েছে। রেজিস্ট্রারের কার্যালয় ওই অভিযোগ ট্রাইব্যুনাল-২-এ পাঠায়।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শুরু করে, শেষ হয় গত বছরের ৯ অক্টোবর। তদন্ত সংস্থা জানায়, তদন্তে মুক্তিযুদ্ধকালে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার সঙ্গে এ দুজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। একাত্তরের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী নিধনের যে নীলনকশা হয়েছিল, ঘাতক আলবদর বাহিনী তা বাস্তবায়ন করে। মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’, আর আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’।তদন্ত সংস্থার তথ্য অনুসারে, মুঈনুদ্দীন বর্তমানে যুক্তরাজ্যে মুসলিম এইড নামের একটি সংস্থার প্রধান। আশরাফুজ্জামান থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।