মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি ১৬ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে ১৬ জুন শুনানি হবে। গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ দিন ধার্য করেন।

মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। পলাতক থাকায় তাঁদের পক্ষে মামলা পরিচালনার জন্য গত ২৭ মে ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাইকে নিয়োগ দেন। গতকাল তাঁরা কাজ শুরু করেছেন।

মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানকে ট্রাইব্যুনালে উপস্থিত হতে ইতিমধ্যে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে তাঁদের আত্মপক্ষ সমর্থন করতে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা হাজির হননি। পরে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশের দেওয়া প্রতিবেদনেও তাঁরা পলাতক। এ জন্য আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুযায়ী ওই দুজনের অনুপস্থিতিতে তাঁদের বিরুদ্ধে বিচারকাজ শুরু হচ্ছে।

রাষ্ট্রপক্ষ গত ২৫ এপ্রিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার সূত্র জানায়, একাত্তরের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী নিধনের যে নীলনকশা হয়েছিল, ঘাতক আলবদর বাহিনী তা বাস্তবায়ন করে। মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ আর আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’। তদন্তে পাওয়া তথ্য অনুসারে, মুঈনুদ্দীন বর্তমানে যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।