মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী হত্যার অভিযোগে চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষ এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছি। যেহেতু তাঁরা দুজনই একই ধরনের অপরাধ করেছেন, তাই তাঁদের বিরুদ্ধে আলাদা করে অভিযোগ না এনে একসঙ্গে ১৬টি অভিযোগ আনা হয়েছে।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ২০১১ সালের ২৫ সেপ্টেম্বর মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শুরু করে গত বছরের ৯ অক্টোবর তা শেষ হয়। তদন্তে মুক্তিযুদ্ধকালে ১৮ জন বুদ্ধিজীবীকে হত্যার সঙ্গে তাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। তদন্ত সংস্থা ১০ অক্টোবর তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি ও সংশ্লিষ্ট নথিপত্র রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দেয়।তদন্ত সংস্থার সূত্র জানায়, মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’ আর আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’।