মুঈনুদ্দীন ও আশরাফের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্য চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত প্রতিবেদন গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষকে জমা দিয়েছে তদন্ত সংস্থা।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম ও নূরজাহান মুক্তা সকালে সাংবাদিকদের জানান, তদন্ত সংস্থার সদস্য মো. শাহজাহান কবীর ও মো. আতাউর রহমান দালিলিক তথ্য-প্রমাণসহ তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কার্যালয়ে জমা দিয়েছেন। মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা ৯ অক্টোবর মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে তদন্ত শেষ করে। তাঁদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে ১৮ জন বুদ্ধিজীবীকে আটক, নির্যাতন, হত্যা ও গণহত্যার ১৮টি অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে নয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছয়জন সাংবাদিক ও তিনজন চিকিৎসক। তদন্তে পাওয়া তথ্য অনুসারে, মুক্তিযুদ্ধকালে মুঈনুদ্দীন ও আশরাফ উচ্চপর্যায়ের নির্দেশে আলবদর বাহিনীতে যোগ দেন এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে অংশ নেন।