
পলাতক থাকায় চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের অনুপস্থিতিতেই তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার হবে। তাঁদের পক্ষে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের দুজন আইনজীবীকে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল সোমবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানকে উপস্থিত হওয়ার জন্য ইতিমধ্যে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে তাঁদের আত্মপক্ষ সমর্থন করতে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু তাঁরা উপস্থিত হননি। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পুলিশের দেওয়া প্রতিবেদনেও তাঁদের দুজনকে পলাতক দেখানো হয়েছে। তাই আইন অনুযায়ী তাঁদের অনুপস্থিতিতেই বিচার হবে।আদেশে ট্রাইব্যুনাল মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই টুনিকে মামলা পরিচালনার নির্দেশ দেন। এ দুই আইনজীবীকে ৪ জুনের মধ্যে আনুষ্ঠানিক অভিযোগসহ অন্যান্য নথি রেজিস্ট্রারের মাধ্যমে সরবরাহ করতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলিকে নির্দেশ দেওয়া হয়। ৪ জুন ট্রাইব্যুনাল এ মামলার বিষয়ে পরবর্তী আদেশ দেবেন।একই ট্রাইব্যুনাল এর আগে পলাতক থাকায় একই প্রক্রিয়ায় জামায়াতের সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলা পরিচালনা করে। ওই মামলার রায়ে আযাদের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়।রাষ্ট্রপক্ষ গত ২৫ এপ্রিল ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ওই দিন রাষ্ট্রপক্ষ জানায়, যেহেতু তাঁরা দুজন যৌথভাবে একই অপরাধ করেছেন, তাই তাঁদের বিরুদ্ধে আলাদা অভিযোগ না এনে একসঙ্গে ১৬টি অভিযোগ আনা হয়েছে। রেজিস্ট্রারের কার্যালয় ওই আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনাল-২-এ পাঠায়।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা জানায়, তদন্তে একাত্তরে মুক্তিযুদ্ধকালে ১৮ জন বুদ্ধিজীবী হত্যার সঙ্গে মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের সংশ্লিষ্টতা পাওয়া যায়। একাত্তরের ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী নিধনের যে নীলনকশা হয়েছিল, ঘাতক আলবদর বাহিনী তা বাস্তবায়ন করে। মুঈনুদ্দীন ছিলেন আলবদর বাহিনীর ‘অপারেশন ইনচার্জ’, আর আশরাফুজ্জামান ছিলেন ‘চিফ এক্সিকিউটর’। মুঈনুদ্দীন বর্তমানে যুক্তরাজ্যে ও আশরাফুজ্জামান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করছেন।