মুঈনুদ্দীন বুদ্ধিজীবী হত্যায় সরাসরি জড়িত ছিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৪তম সাক্ষী মুক্তিযোদ্ধা শরিয়তুল্লাহ বাঙালী (৬৪)।

জেরায় এক প্রশ্নের জবাবে শরিয়তুল্লাহ বাঙালী বলেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন সরাসরি জড়িত ছিলেন।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শরিয়তুল্লাহ বাঙালীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাবিনা ইয়াসমিন।

জবানবন্দিতে শরিয়তুল্লাহ বাঙালী বলেন, তাঁর গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার হাসান গনিপুর গ্রামে। তিনি তাঁর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের দায়িত্বে আছেন। একাত্তরে তিনি ভারত থেকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন। তাঁর বাড়ি থেকে চার কিলোমিটার দূরেই মুঈনুদ্দীনের বাড়ি। একাত্তরে দাগনভূঞা বাজারে মুঈনুদ্দীনের বাবা দেলোয়ার হোসেনের একটি গ্রন্থাগার ছিল। তিনি দেখেছেন, সেখানে মুঈনুদ্দীন মাঝেমধ্যে বসতেন। পাশাপাশি এলাকায় বাড়ি থাকার কারণে তিনি আগে থেকেই মুঈনুদ্দীনকে চিনতেন। একাত্তরে মুঈনুদ্দীন এলাকায় ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন) সদস্যদের নিয়ে সভা করতেন এবং পরিবারের সদস্যদের নিয়ে একটি রাজাকার বাহিনী গঠন করেছিলেন। স্বাধীনতার আগে মুঈনুদ্দীন ফেনী কলেজে পড়তেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ‘পূর্বদেশ’ পত্রিকার সাংবাদিক ছিলেন।

রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরে মুঈনুদ্দীন আলবদর বাহিনীর অপারেশনে ছিলেন বলে তিনি জেনেছেন। ফেনীর কৃতী সন্তান শহীদ সাংবাদিক শহীদুল্লা কায়সার, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীসহ বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের অপারেশনে মুঈনুদ্দীন ছিলেন বলে তিনি শুনেছেন। বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুঈনুদ্দীনের জড়িত থাকার খবর পেয়ে তিনি ও অন্য মুক্তিযোদ্ধারা একাত্তরে ফেনী স্বাধীন হওয়ার পর মুঈনুদ্দীনের বাড়িতে গিয়ে তাঁকে পাননি। তখন মুঈনুদ্দীন ঢাকায় ছিলেন বলে তিনি শুনেছেন। স্বাধীনতার পর মুঈনুদ্দীন দেশ ছেড়ে পালিয়ে যান। দেশ স্বাধীনের পর পত্র-পত্রিকা পড়ে তিনি জানেন, বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন।

শরিয়তুল্লাহ বাঙালী জবানবন্দিতে আরও বলেন, তিনি দেখেছেন স্বাধীনতার পর জিয়াউর রহমান ও এরশাদের আমলে মুঈনুদ্দীন পুলিশের পাহারায় তিনবার নিজ এলাকা দাগনভূঞাতে এসেছিলেন। এক ঈদে মুঈনুদ্দীন বাড়ির পাশের একটি ঈদগাহে ঈদের নামাজ পড়তে চেয়েছিলেন। কিন্তু বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত থাকার কারণে স্থানীয় মুক্তিযোদ্ধারা তা হতে দেননি। পরে আবার তিনি পুলিশ পাহারায় চলে যান। জবানবন্দির শেষ পর্যায়ে শরিয়তুল্লাহ বাঙালী সব বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে জড়িত থাকার জন্য মুঈনুদ্দীনের বিচার চান।

জবানবন্দি শেষে শরিয়তুল্লাহ বাঙালীকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সালমা হাই। আইনজীবী মত (সাজেশন) দেন, স্বাধীনতার পর মুঈনুদ্দীন দেশ ছেড়ে পালিয়ে যাননি। বৈধভাবেই দেশ ছেড়েছেন। জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। মুঈনুদ্দীনের এক ভাই বিমান বাহিনীতে চাকরি করতেন, তাঁর সহায়তায় মুঈনুদ্দীন পালিয়ে যান।

আইনজীবী আবার মত দেন, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন জড়িত ছিলেন না, স্বাধীনতার পর অনুমাননির্ভর তথ্য থেকে আপনি মুঈনুদ্দীন সম্পর্কে জেনেছেন।

জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়, বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে মুঈনুদ্দীন সরাসরি জড়িত ছিলেন। শরিয়তুল্লাহ বাঙালীকে জেরা শেষ হলে এ মামলার কার্যক্রম আগামীকাল বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।