জবানবন্দিতে শহীদ সাংবাদিক গোলাম মোস্তফার ভাই
মুঈনুদ্দীন শাসানোর এক সপ্তাহ পর ভাইকে আলবদররা ধরে নিয়ে যায়
পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী আ ন ম গোলাম রহমান (৬৫)। জবানবন্দিতে তিনি বলেছেন, একাত্তরে তাঁর বড় ভাই শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফাকে সহকর্মী মুঈনুদ্দীন শাসানোর এক সপ্তাহ পর ১১ ডিসেম্বর ভোরে আলবদররা তাঁকে ধরে নিয়ে যায়।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গোলাম রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।
জবানবন্দিতে গোলাম রহমান বলেন, একাত্তরে তাঁরা ঢাকার গোপীবাগে থাকতেন। তাঁর ভাই গোলাম মোস্তফা দৈনিক পূর্বদেশ-এর বার্তা বিভাগের শিফট ইনচার্জ ও সাহিত্য সম্পাদক ছিলেন। চৌধুরী মুঈনুদ্দীন ছিলেন দৈনিক পূর্বদেশ-এর নিজস্ব প্রতিবেদক। তাঁর ভাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে লিখতেন, এ জন্য মুঈনুদ্দীনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। একাত্তরের ১১ ডিসেম্বর ভোরে সামরিক বাহিনী ও আলবদরের সদস্যরা গাড়িতে করে তাঁদের বাসার সামনে আসে। তারা দরজায় কড়া নাড়লে বড় ভাই দরজা খোলেন। তিনি গোলাম মোস্তফা কি না—আগন্তুকদের এ প্রশ্নে বড় ভাই ‘হ্যাঁ’ সূচক জবাব দিলে তারা তাঁকে তাদের সঙ্গে দৈনিক পূর্বদেশ পত্রিকায় যেতে বলে গাড়িতে তুলে নিয়ে যায়।
গোলাম রহমান বলেন, ভাইয়ের খোঁজে তিনি ওই দিন সকাল সাড়ে আটটার দিকে পূর্বদেশ কার্যালয়ে গিয়ে জ্যেষ্ঠ প্রতিবেদক আতিকুর রহমানকে ঘটনাটি বলেন। আতিকুর রহমান ঘটনাটি বলেন তখন কার্যালয়ে থাকা প্রধান প্রতিবেদক এহতেশাম হায়দার চৌধুরীকে। এহতেশাম হায়দার টেলিফোনে পত্রিকার সম্পাদক মাহাবুবুল হককে ঘটনা জানিয়ে উত্তেজিত কণ্ঠে বলেন, ‘মুঈনুদ্দীন এ ঘটনা ঘটিয়েছে।’ এহতেশাম টেলিফোন রেখে মুঈনুদ্দীনকে ডাকতে বলেন। আধা ঘণ্টার মধ্যে পূর্বদেশ কার্যালয়ে মুঈনুদ্দীন আসেন। তাঁকে দেখে এহতেশাম উত্তেজিত কণ্ঠে বলেন, গোলাম মোস্তফাকে ধরে নিয়ে গেছে। তিনি তাঁকে (সাক্ষীকে) দেখিয়ে মুঈনুদ্দীনকে গোলাম মোস্তফাকে খুঁজতে বলেন। মুঈনুদ্দীন তাঁকে নিয়ে রিকশায় করে প্রথমে পল্টনে ইসলামী ছাত্রসংঘের (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্রসংগঠন) কার্যালয়ে এবং সেখান থেকে রমনা থানায় যান। কোথাও তাঁকে পাওয়া যায়নি। তিনি মোহাম্মদপুর শারীরিক শিক্ষা ইনস্টিটিউট নির্যাতনকেন্দ্রে যেতে বললে মুঈনুদ্দীন তাঁর দিকে তাকিয়ে ইতস্তত করে রাজি হন। সেখানে ফটকের সামনে তাঁকে রিকশায় রেখে মুঈনুদ্দীন ভেতরে ঢোকার সময় প্রহরীরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন। প্রহরীদের সঙ্গে মুঈনুদ্দীনের কথোপকথনের সময় আশরাফ নামটি শোনেন। মুঈনুদ্দীন প্রায় ২০ মিনিট পর বেরিয়ে আসার সময়ও প্রহরীরা সোজা হয়ে দাঁড়িয়ে ছিলেন। ফিরে এসে মুঈনুদ্দীন বলেন, সেখানে তাঁর ভাই নেই।
গোলাম রহমান আরও বলেন, ওই দিন বিকেলে তিনি আবার পূর্বদেশ কার্যালয়ে গিয়ে আতিকুর রহমানকে সারা দিনের ঘটনা বলার সময় আশরাফ নামটিও বলেন। শুনে তিনি বলেন, ও হলো আশরাফুজ্জামান। আতিকুর রহমান জানান, তাঁর ভাইকে (গোলাম মোস্তফা) ধরে নিয়ে যাওয়ার এক সপ্তাহ আগে মুঈনুদ্দীনের সঙ্গে মুক্তিযুদ্ধ ও জামায়াতের ভূমিকা নিয়ে ভাইয়ের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই সময় মুঈনুদ্দীন তাঁকে ভয়াবহ পরিণতি হবে বলে শাসান। দেশ স্বাধীনের পর তাঁরা বিভিন্ন স্থানে খুঁজেও ভাইয়ের লাশ পাননি। স্বাধীনতার পর তিনি পূর্বদেশ পত্রিকায় চাকরি পান। সেখানে সহকর্মীদের কথা শুনে তাঁর ধারণা হয়, তাঁর ভাইসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন জড়িত ছিলেন। একাত্তরে তাঁকে নিয়ে মুঈনুদ্দীনের বিভিন্ন স্থানে যাওয়া ছিল নাটক। তিনি ভাইসহ সব বুদ্ধিজীবী হত্যার বিচার চান।
জবানবন্দি শেষে গোলাম রহমানকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই। আইনজীবী মত (সাজেশন) দেন, ‘আপনার ভাইকে অপহরণ এবং হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না।’ জবাবে সাক্ষী বলেন, এটা সত্য নয়। গোলাম রহমানের সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করা হয়।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত তিন সাক্ষী: এ মামলায় রাষ্ট্রপক্ষের আরও তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। ওই তিনজন হলেন শহীদ চিকিৎসক ফজলে রাব্বীর মেয়ে নুসরাত রাব্বী, ডা. আবদুল আলীম চৌধুরীর মেয়ে ফারজানা চৌধুরী এবং একাত্তরে রায়েরবাজার বধ্যভূমি থেকে ভাগ্যক্রমে বেঁচে আসা দেলোয়ার হোসেন।