মুঈনুদ্দীন শাসানোর পর ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়: গোলাম রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফাকে সহকর্মী মুঈনুদ্দীন শাসানি দেন। এক সপ্তাহ পর ১১ ডিসেম্বর ভোরে আলবদররা তাঁকে ধরে নিয়ে যায়।

পলাতক চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী আ ন ম গোলাম রহমান (৬৫)। জবানবন্দিতে এসব কথা বলেন তিনি।

বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গোলাম রহমানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান।

জবানবন্দিতে গোলাম রহমান বলেন, একাত্তরে তাঁর বাবা-মা ও ভাইয়ের স্ত্রী-সন্তান মিলে ঢাকার গোপীবাগে থাকতেন। তাঁর বড় ভাই গোলাম মোস্তফা ‘দৈনিক পূর্বদেশ’ পত্রিকায় বার্তা বিভাগের শিফট ইনচার্জ ও সাহিত্য সম্পাদক ছিলেন। এর আগে ‘দৈনিক সংবাদ’ ও ‘দৈনিক আজাদ’-এ কাজ করতেন। চৌধুরী মুঈনুদ্দীন ছিলেন ‘দৈনিক পূর্বদেশ’-এর নিজস্ব প্রতিবেদক। গোলাম মোস্তফা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে লিখতেন বিধায় মুঈনুদ্দীনের সঙ্গে তাঁর বিরোধ ছিল। একাত্তরের ১১ ডিসেম্বর ভোরে তাঁর ভাই তাঁর নয় মাস বয়সী একমাত্র সন্তান অভিকে নিয়ে বাড়ির বারান্দায় হাঁটছিলেন। এ সময় তাঁর ভাবির (গোলাম মোস্তফার স্ত্রী) বড় ভাই প্রকৌশলী সামসুদ্দোহা সামরিক ও আলবদর বাহিনীর লোকদের তাঁদের বাসা চিনিয়ে দেন। তাঁরা একটি জিপে করে যান। পেছনে আরও একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। আলবদর ও সামরিক বাহিনীর লোকেরা বাড়ির দরজায় কড়া নাড়লে তাঁর বড় ভাই দরজা খুলে দেন। আগন্তুকরা তাঁর বড় ভাইকে জিজ্ঞাসা করেন তিনি গোলাম মোস্তফা কি না? হ্যাঁ সূচক জবাব দিলে আগন্তুকরা তাঁকে সঙ্গে যেতে বলেন। তাঁরা বলেন, তাঁকে ‘পূর্বদেশ’ পত্রিকায় যেতে হবে। এ সময় গোলাম মোস্তফার  বাবা-মা ও পরিবারের সদস্যরা কাঁদতে থাকেন। একজন আগন্তুক তাঁদের সান্ত্বনা দিয়ে বলেন, গোলাম মোস্তফাকে ফিরিয়ে দেওয়া হবে। এ কথা বলেই তাঁকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

জবানবন্দিতে গোলাম রহমান বলেন, পরদিন ভাইয়ের খোঁজে সকাল সাড়ে আটটার দিকে ‘পূর্বদেশ’ কার্যালয়ে যান। সেখানে গিয়ে তিনি জ্যেষ্ঠ প্রতিবেদক আতিকুর রহমানকে ভাইকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা জানান। আতিকুর রহমান এই ঘটনা কার্যালয়ে থাকা পত্রিকার প্রধান প্রতিবেদক এহতেশাম হায়দার চৌধুরীকে বলেন। এহতেশাম হায়দার টেলিফোন করে পত্রিকার সম্পাদক মাহাবুবুল হককে গোলাম মোস্তফার অপহরণের ঘটনাটি জানান। তিনি উত্তেজিত কণ্ঠে বলেন, মুঈনুদ্দীন এসব ঘটনা ঘটিয়েছে। টেলিফোন রেখে এহতেশাম মুঈনুদ্দীনকে ডাকতে বলেন। এর আধ ঘণ্টার মধ্যে ‘পূর্বদেশ’ পত্রিকার কার্যালয়ে মুঈনুদ্দীন হাজির হন।

রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, মুঈনুদ্দীনকে দেখে এহতেশাম উত্তেজিত হয়ে বলেন, গোলাম মোস্তফাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি মুঈনুদ্দীনকে গোলাম মোস্তফাকে খুঁজতে বলেন। গোলাম রহমান বলেন, তিনি ও মুঈনুদ্দীন ‘পূর্বদেশ’ কার্যালয় থেকে রিকশায় করে পল্টনের ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তত্কালীন ছাত্র সংগঠন) কার্যালয়ে যান। সেখানে ভাইকে না পেয়ে মুঈনুদ্দীন রমনা থানায় যান। সেখানেও তাঁর ভাইকে পাওয়া যায়নি। তিনি শুনেছেন মোহাম্মাদপুর শারীরিক শিক্ষাকেন্দ্রে নির্যাতনকেন্দ্র ছিল। সেই ধারণা থেকে তিনি মুঈনুদ্দীনকে সেখানে যাওয়ার কথা বলেন। মুঈনুদ্দীন একবার তাঁর মুখের দিকে ইতস্তত তাকিয়ে রাজি হন। শারীরিক শিক্ষাকেন্দ্রের সামনে রিকশা থামলে তাঁকে রিকশায় রেখে মুঈনুদ্দীন ভেতরে ঢোকেন। প্রবেশের সময় প্রহরীরা সোজা হয়ে তাঁকে অভিবাদন জানান। প্রহরীদের সঙ্গে মুঈনুদ্দীন কথা বললে সে সময় আশরাফ নামটি তিনি শোনেন। মুঈনুদ্দীন শারীরিক শিক্ষাকেন্দ্রে প্রায় ২০ মিনিট থাকার পরে বাইরে আসেন। এ সময়ও প্রহরীরা তাঁকে অভিবাদন জানান। ফিরে এসে মুঈনুদ্দীন বলেন, এখানেও তাঁর ভাই নেই। বিকেলে তিনি সেখান থেকে আবার ‘পূর্বদেশ’ কার্যালয়ে গিয়ে আতিকুর রহমানকে সারা দিনের ঘটনা বলার সময় আশরাফ নামটি বললে তিনি বলেন, ‘ও আশরাফুজ্জামান’। আতিকুর রহমান তাঁকে বলেন, তাঁর ভাইকে ধরে নিয়ে যাওয়ার এক সপ্তাহ আগে তাঁর ভাইয়ের সঙ্গে মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই সময় মুঈনুদ্দীন তাঁর ভাইকে ভয়াবহ পরিণতি হবে বলে শাসিয়ে দেন। দেশ স্বাধীন হওয়ার  পরে বিভিন্ন স্থানে তাঁর ভাইয়ের লাশ খুঁজলেও পাননি। দেশ স্বাধীনের পরে ‘পূর্বদেশ’ পত্রিকায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের ছবি ছাপা হয়।

স্বাক্ষী বলেন, স্বাধীনতার পরে তিনি ‘পূর্বদেশ’ পত্রিকায় চাকরি পান। এ সময় পত্রিকায় কর্মরতদের কাছে মুঈনুদ্দীন সম্পর্কে জেনে তাঁর ধারণা হয়, তাঁর ভাইসহ অন্য বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন জড়িত ছিলেন। একাত্তরে তাঁকে নিয়ে মুঈনুদ্দীনের বিভিন্ন স্থানে যাওয়া ছিল একটি নাটক।

জবানবন্দির শেষ পর্যায়ে গোলাম রহমান তাঁর ভাইসহ সব বুদ্ধিজীবী হত্যার বিচার চান। জবানবন্দি শেষে গোলাম রহমানকে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবদুস শুকুর খান ও সালমা হাই।

আইনজীবী মত (সাজেশন) দেন, ‘মুঈনুদ্দিন আপনার ভাইয়ের সহকর্মী ছিলেন বলে একাত্তরে তিনি নিজের তাগিদ থেকে আপনার ভাইয়ের খোঁজ করতে গিয়েছিলেন এবং আপনি তাঁর সঙ্গে যাননি।’ জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’

আইনজীবী আবার মত দেন, ‘আপনার ভাই অপহরণ ও হত্যায় মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান জড়িত ছিলেন না।’ জবাবে সাক্ষী বলেন, ‘এটা সত্য নয়।’ গোলাম রহমানের সাক্ষ্য গ্রহণ শেষে এ মামলার কার্যক্রম রোববার পর্যন্ত মুলতবি করা হয়।