মুঈনুদ্দীনকে দেশে আনতে পদক্ষেপ নেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় অভিযুক্ত চৌধুরী মুঈনুদ্দীনকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। গতকাল রোববার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। চৌধুরী মুঈনুদ্দীন গত শনিবার কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ‘প্রহসন’ এবং এর পরিচালিত বিচার ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। এর মাত্র এক দিন পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁকে দেশে ফিরিয়ে আনার এ ঘোষণা এল। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল বার্তা সংস্থা পিটিআইকে বলেন, একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের আগমুহূর্তে বাংলাদেশের বুদ্ধিজীবী হত্যায় অংশ নেন বলে চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে অভিযোগ আছে। তাই তিনি এ ধরনের মন্তব্য করবেন, এটি খুবই স্বাভাবিক।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানান, চৌধুরী মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে বুদ্ধিজীবী হত্যার অভিযোগ আছে। মুঈনুদ্দীন যুক্তরাজ্যে অবস্থান করছেন। অপরজন আছেন যুক্তরাষ্ট্রে। তাঁদের দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনার সব চেষ্টাই করা হবে। ট্রাইব্যুনাল-২-গত ২৪ জুন মুঈনুদ্দীন ও আশরাফুজ্জামানের খানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। একাত্তরে জামায়াতে ইসলামীর তৎকালীন সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের অন্যতম নেতা ছিলেন মুঈনুদ্দীন। পিটিআই।