মুঈনুদ্দীনের বিচার দাবিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘাতক-দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
ঘাতক-দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আসামি চৌধুরী মুঈনুদ্দীনকে বাংলাদেশে ফেরত পাঠানো অথবা যুক্তরাজ্যেই তাঁর বিচার করার দাবি জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দপ্তরে একটি স্মারকলিপি পেশ করা হয়েছে। একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা লাভের ঠিক প্রাক্কালে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের অপারেশন ইনচার্জ ছিলেন চৌধুরী মুঈনুদ্দীন। তিনি ১৯৭২ সালে পরিচয় গোপন করে পালিয়ে ব্রিটেনে আসেন। এতে বলা হয়, দাওয়াতুল ইসলাম, মুসলিম এইড এবং ইসলামিক ফোরাম ইউরোপের মতো বিভিন্ন সংগঠনে যুক্ত হয়ে তিনি ধাপে ধাপে ব্রিটিশ সমাজে নিজেকে ইসলামের সেবক হিসেবে উপস্থাপনের সুযোগ নেন। স্মারকলিপিতে ১৯৯৫ সালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোর-এ প্রচারিত তথ্যচিত্রে মুঈনুদ্দীনসহ ব্রিটেনে বসবাসরত আরও দুজনের বিরুদ্ধে উত্থাপিত সাক্ষ্যপ্রমাণের উল্লেখ করা হয়।

নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি বি বি চৌধূরি, সাধারণ সম্পাদক সৈয়দ আনাস পাশা ছাড়াও শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর এ সময় উপস্থিত ছিলেন। আসিফ মুনীর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারাধীন মামলায় চৌধুরী মুঈনুদ্দীনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।