মুঈনুদ্দীনের বিচার দাবিতে স্মারকলিপি
একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের হত্যায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন আসামি চৌধুরী মুঈনুদ্দীনকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক, নয়তো যুক্তরাজ্যেই তাঁর বিচার করা হোক। এই দাবি জানিয়ে গত বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখা। স্মারকলিপিতে বলা হয়, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঠিক আগে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ডের অপারেশন ইনচার্জ ছিলেন চৌধুরী মুঈনুদ্দীন, যিনি ১৯৭২ সালে পরিচয় গোপন করে পালিয়ে যুক্তরাজ্যে আসেন। দাওয়াতুল ইসলাম, মুসলিম এইড এবং ইসলামিক ফোরাম ইউরোপের মতো বিভিন্ন সংগঠনে যুক্ত হয়ে তিনি ধাপে ধাপে ব্রিটিশ সমাজে নিজেকে ইসলামের সেবক হিসেবে উপস্থাপনের সুযোগ নেন। স্মারকলিপিতে ১৯৯৫ সালে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল ফোর-এ প্রচারিত তথ্যচিত্রে চৌধুরী মুঈনুদ্দীনসহ ব্রিটেনে বসবাসরত আরও দুজনের বিরুদ্ধে উত্থাপিত সাক্ষ্যপ্রমাণের উল্লেখ করা হয়। নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি বি বি চৌধুরী, সাধারণ সম্পাদক সৈয়দ আনাস পাশা ছাড়াও শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীর এ সময় উপস্থিত ছিলেন। আসিফ মুনীর ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারাধীন মামলায় মুঈনুদ্দীনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।